বেহাল শেরেবাংলা নগর কলেজ গেট সড়ক

ভারী যানবাহনের চাপে বেহাল রাজধানীর শেরেবাংলা নগর এলাকার কলেজ গেট সড়কটি। ফলে ঝুঁকি নিয়েই চলছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও শিক্ষার্থীদের পরিবহনগুলো। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও দুটি সরকারি হাসপাতাল থাকায় সড়কটি খুবই গুরুত্বপূর্ণ।
এই সড়কে চলাচলকারী সাধারণ শিক্ষার্থী, রোগী ও স্থানীয় লোকজন সড়কটির এ অবস্থার জন্য কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও সঠিক তদারকির অভাবকেই দায়ী করেছেন।
শ্যামলী কলেজ গেট থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই সড়ক। এলাকা ঘুরে দেখা যায়, দুই পাশে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালগুলোর মধ্যবর্তী সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কের বাদবািক অংশও। পুরো সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থী ও রোগী বহনকারী বিভিন্ন পরিবহন। যানজটের কারণে আশপাশের সড়কপথে চলাচলকারী বাস, লেগুনা ও মালবাহী ট্রাক এই সড়কটিকে ‘বাইপাস’ হিসেবে ব্যবহার করে। এ কারণেই বেশি খারাপ অবস্থা হয়েছে বলেও স্থানীয় ব্যক্তিরা জানান। চারদিকে ধুলাবালু, তার ওপর রাস্তায় বড় বড় গর্ত থাকায় এখানে প্রায়ই রিকশা, অটোরিকশা দুর্ঘটনায় পড়ে। সাধারণ মানুষ চলতে গিয়ে হোঁচট খায়।
এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ এর আশপাশে অবস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের। সড়কটি জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আসা রোগীদের চলাচলের জন্যও ব্যবহার করতে হয়।
এই সড়কে নিয়মিত যাতায়াতকারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুন্নাহার খানম অভিযোগ করেন, কর্তৃপক্ষের অবহেলার কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন বেহাল দশা৷
সড়কটির কর্তৃপক্ষ গণপূর্ত অধিদপ্তর। অভিযোগের বিষয়ে গণপূর্ত অধিদপ্তর-১-এর উপবিভাগীয় প্রকৌশলী মো. আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, টাকার অভাবে সড়কটির কাজ শুরু করা যায়নি। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কটি সংস্কারকাজ করতে প্রায় ৫০ লাখ টাকার বরাদ্দ প্রয়োজন।