বেহাল শৌচাগারে নাকাল রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৌচাগারের নোংরা পানি মাড়িয়ে (ইনসেটে) এই করিডোর দিয়েই আসা–যাওয়া করতে হয় রোগী ও তাদের স্বজনদের। মেঝেতে নবজাতক নিয়ে শুয়ে আছেন মায়েরা। ছবিটি গত রোববার দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে তুলেছেন সাইয়ান
শৌচাগারের নোংরা পানি মাড়িয়ে (ইনসেটে) এই করিডোর দিয়েই আসা–যাওয়া করতে হয় রোগী ও তাদের স্বজনদের। মেঝেতে নবজাতক নিয়ে শুয়ে আছেন মায়েরা। ছবিটি গত রোববার দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে তুলেছেন সাইয়ান

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারগুলোর মেঝে সারাক্ষণ পানিতে ভাসে। অধিকাংশ শৌচাগারের দরজা ভাঙা। পানির ট্যাপগুলোও ঠিকঠাক কাজ করছে না।

পরনের কাপড় ধরে সাবধানে কেউ জলমগ্ন মেঝে পেরিয়ে শৌচাগারে গিয়ে বের হলে এই ময়লা পানি পায়ে পায়ে ছড়িয়ে পড়ছে ওয়ার্ডের ভেতরে। এতে ওয়ার্ডে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তার ওপর পানিসংকট তো লেগেই আছে। দীর্ঘদিন ধরে হাসপাতালটির পয়োনিষ্কাশনব্যবস্থা এভাবে ভেঙে পড়লেও তা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ।

সম্প্রতি দক্ষিণাঞ্চলের মানুষের প্রধান এই সরকারি চিকিৎসালয়টি ঘুরে বেশির ভাগ ওয়ার্ডের শৌচাগারগুলোর এমন দুর্দশা দেখা যায়।

প্রসূতি ওয়ার্ডের শৌচাগারে গিয়ে দেখা যায়, এর ভেতরে ছয়টি শৌচাগার ও গোসলখানার মধ্যে তিনটিরই দরজা ভাঙা। বাকি তিনটির দরজাও জরাজীর্ণ। পানির ট্যাপগুলো কাজ করছে না তেমন। যখন পানি থাকে, তখন ট্যাপগুলো বন্ধ করলেও ঝিরঝির করে পানি পড়ে। ফলে ময়লা পানিতে শৌচাগারের মেঝে ভেসে যায়।

এই ওয়ার্ডে চার দিন ধরে চিকিৎসাধীন আছেন বরিশাল সদরের চরমোনাই গ্রামের গৃহবধূ শোভা রানী। সঙ্গে আছেন তাঁর মা পারুল রানী, স্বামী নিতাই গাইন ও সদ্যঃপ্রসূত শিশু। শয্যা না পাওয়ায় তাঁদের ঠাঁই হয়েছে মেঝেতে।

পারুল রানী বললেন, ‘হাসপাতালের শৌচাগারগুলোর এতই দুরবস্থা যে গত চার দিনে দুবার শৌচাগারে গিয়েছি। যাতে ওখানে না যাওয়া লাগে, সে জন্য খাবার ও পানি কম খাই।’

ওই ওয়ার্ডের শৌচাগারে গিয়ে দেখা যায়, দরজা ভাঙাচোরা থাকায় কয়েকজন রোগীর স্বজন সামনে দাঁড়িয়ে পাহারা দেন, যাতে অন্য কেউ না যেতে পারেন। শৌচাগারের মেঝে পানিতে একাকার। পানিতে ভেজা পা নিয়ে রোগী ও তাঁদের স্বজনেরা যাচ্ছেন ওয়ার্ডের ভেতরে।

মেডিসিন ওয়ার্ডে গিয়েও এমন দৃশ্য চোখে পড়ে। ওই ওয়ার্ডের রোগী মোজাম্মেল হাওলাদার ক্ষোভের সুরে বলেন, ‘আমরা গরিব, তাই সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসি। এইটা কি হাসপাতাল?’

গাইনি বিভাগের আরেক রোগী শারমিন আক্তার বলেন, ‘শৌচাগারে যাওয়ার মতো অবস্থা নেই। তার ওপরে দিনের বেশির ভাগ সময় পানি থাকে না। শৌচাগারে যেতে হলে অনেক সময় তৃতীয় তলা থেকে নিচতলায় নেমে নলকূপ থেকে পানি এনে ব্যবহার করতে হয়।’

শিশু ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, নবজাতক ওয়ার্ড, প্রসূতি ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড নারী ও পুরুষ, অর্থোপেডিক, সার্জারি ওয়ার্ডসহ অন্তত ১০টি ওয়ার্ড ঘুরে শৌচাগারগুলোর এমন দুর্দশা দেখা গেল।

হাসপাতাল প্রশাসন বিভাগ সূত্র জানায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এক হাজার শয্যার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৩২টি বিভাগ রয়েছে। এই ৩২টি বিভাগে ১৫০টি গোসলখানা ও অন্তত ৩০০ শৌচাগার রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায় সব শৌচাগারের দরজা ভেঙে গেছে। পানির কলগুলোও বেশির ভাগই অকেজো।

হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম এসব সমস্যার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘শৌচাগারগুলোর দুরবস্থার কারণে রোগী ও স্বজনদের সীমাহীন দুর্ভোগ হচ্ছে। এ ছাড়া শৌচাগার ও গোসলখানায় সকালে পানি থাকে না। এসব সমস্যা সমাধানে শিগগিরই একটি বাজেট আমরা মন্ত্রণালয়ে পাঠাব। আশা করি, দ্রুত আমরা এ সমস্যার সমাধান করে ফেলতে পারব।’