বেহাল সড়ক ও যানজটে নাকাল বেড়া পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া পৌরসভার প্রধান সড়কের বড় বড় গর্ত। ছবিটি গতকাল ফকির ফ্লাওয়ার মিল এলাকা থেকে তোলা l প্রথম আলো
পাবনার বেড়া পৌরসভার প্রধান সড়কের বড় বড় গর্ত। ছবিটি গতকাল ফকির ফ্লাওয়ার মিল এলাকা থেকে তোলা l প্রথম আলো

পাবনার বেড়া পৌরসভার প্রধান সড়কটি কয়েকটি স্থানে খানাখন্দের কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ওপর সেই সড়কের কয়েকটি স্থানে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেড়া পৌরবাসীর।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার মূল সড়কটির বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। প্রধান সড়কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশটি হলো ফকির ফ্লাওয়ার মিল-সংলগ্ন এলাকা।
এর পরেই রয়েছে কাদের ডাক্তারের মোড় ও পাটপট্টি। এই তিনটি অংশসহ প্রধান সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো কয়েক দিন আগে খোয়া, সুরকি ও বালু ফেলে কোনো রকমে ভরাট করা হয়েছিল। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে এসব অংশ আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
কয়েকজন পৌরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম শ্রেণির পৌরসভা হলেও বেড়া পৌরসভার প্রধান সড়ক একটিই। এই সড়ক বেড়া বাসস্ট্যান্ড থেকে কাদের ডাক্তারের মোড়ে এসে দুই ভাগে বিভক্ত হয়েছে। কাদের ডাক্তারের মোড় থেকে একটি অংশ ডাকবাংলায় এবং অপর অংশ বেড়া বিবি উচ্চবিদ্যালয় হয়ে বেড়া বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। বেড়া পৌরসভার বাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এটাই একমাত্র ভরসা। দীর্ঘদিনেও এই সড়কটির বিকল্প বা বাইপাস সড়ক নির্মাণ করা হয়নি। নির্মাণের পর থেকে এই সড়কটির উল্লেখযোগ্য তেমন কোনো সংস্কারও করা হয়নি। তবে পৌরসভার পক্ষ থেকে মাঝেমধ্যে খোয়া, সুরকি ও বালু ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হলেও তাতে তেমন কাজ হয়নি।
ফকির ফ্লাওয়ার মিল এলাকার ব্যবসায়ী মিলন হোসেন বলেন, ‘আমার দোকানের সামনের সড়কের গর্তে প্রায়ই রিকশা, মোটরসাইকেল উল্টাইয়া পড়ে। এতে কেউ কেউ আহত হয়, কারও আবার কাদাপানিতে জামাকাপড় নষ্ট হয়।’

>দীর্ঘদিনেও এই সড়কটির বিকল্প বা বাইপাস সড়ক নির্মাণ করা হয়নি। নির্মাণের পর থেকে এই সড়কটির উল্লেখযোগ্য তেমন কোনো সংস্কারও করা হয়নি

এদিকে ভাঙা সড়কে যাতায়াত করতে গিয়ে এমনিতেই পৌরবাসীর যেখানে নাকাল অবস্থা, সেখানে তাঁদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে যানজট। সিনেমা হলের মোড়, কাদের ডাক্তারের মোড় ও পুরোনো পাবলিক লাইব্রেরির পার্শ্ববর্তী সড়কে প্রায়ই সৃষ্টি হচ্ছে প্রচণ্ড যানজট। এর মধ্যে কাদের ডাক্তারের মোড়ে ট্রাকসহ বড় যানবাহনের ডানে বা বাঁয়ে ঘুরে যাওয়ার মতো প্রশস্ত জায়গা না থাকায় যানজট সেখানে নিয়মিত ঘটনা।
পৌরবাসীর অভিযোগ, যে স্থানগুলোতে যানজট হচ্ছে, তা এমনিতেই অপ্রশস্ত। এর ওপর কোথাও কোথাও আবার সড়কের অংশ দখল করে ব্যবসায়ীরা মালপত্র রাখছেন। এ ছাড়া সড়কের যত্রতত্র রিকশা, নছিমন-করিমন থামিয়ে রাখা হচ্ছে। ফলে যানজট প্রকট হচ্ছে।
বেড়া বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান বলেন, ‘বাজারের মধ্য দিয়ে পৌরসভার প্রধান সড়ক চলে গেছে। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে এই সড়কের বিকল্প আরেকটি সড়ক নির্মাণ করা দরকার।’
এ বিষয়ে বেড়া পৌরসভার প্যানেল মেয়র আবদুস সামাদ মহলদার বলেন, ‘শিগগিরই পৌরসভার ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতসহ নতুন কয়েকটি রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। এ ছাড়া বাজারের মধ্য দিয়ে যাওয়া পৌরসভার প্রধান সড়কটির বিকল্প আরেকটি সড়ক নির্মাণেরও পরিকল্পনা রয়েছে আমাদের।’