বেহাল সড়কে জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-ঘটিভাঙ্গা সড়কের আট কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটার অংশ খানাখন্দে ভরা। এতে ওই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে স্থানীয় লোকজনকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া, মেহেরিয়াপাড়া, বটতলী, চান্দারকাটা, তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গায় সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে লোকজন।

তাজিয়াকাটার বাসিন্দা আমির হোসেন বলেন, বেহাল সড়কে গাড়ি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার শিকার হয় স্থানীয় লোকজন। কিন্তু সড়ক সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিনের অভিযোগ, ভাঙা সড়ক সংস্কারের ব্যাপারে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বারবার ধরনা দিয়েও কোনো কাজ হয়নি।

কুতুবজোম ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন, গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা খুবই জরুরি।

এ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী উপজেলা প্রকৌশলী মোহামঞ্চদ মোশাররেফ হোসেন প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।