বেহাল সড়কে জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর-নাজিরহাট সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে দুই উপজেলার সাধারণ মানুষ।
সম্প্রতি ১৬ কিলোমিটার দীর্ঘ ওই সড়ক পরিদর্শনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচের আস্তরণ ও ইটের সুরকি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, সড়কটি দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, মিনিবাস, বাস ও ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কের বেহাল দশার অজুহাতে যানবাহনের চালকেরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছেন। সুয়াবিল ইউনিয়নের বাসিন্দা কাজী মো. নিজাম উদ্দিন বলেন, সড়কের অবস্থা খুবই খারাপ। এই সড়ক দিয়ে চলাচলের সময় দুর্ভোগ তো পোহাতেই হয়, তার ওপর দ্বিগুণ ভাড়া গুনতে হয়।
ফয়জুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, এই সড়ক দিয়ে রোগীদের চট্টগ্রাম নগরের হাসপাতালে কিংবা ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা-নেওয়ার সময় তারা আরও অসুস্থ হয়ে পড়ে। সড়কে চলা একাধিক অটোরিকশার চালক বলেন, বড় বড় গর্তের কারণে প্রতিদিনই কোনো না কোনো গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বলেন, সড়কটি দিয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট, মন্দাকিনী ও ফরহাদাবাদ এবং ফটিকছড়ি উপজেলার সুয়াবিল, হারুয়ালছড়ি, ভুজপুর, নারায়ণহাট, মির্জারহাট ও হেয়াঁকো এলাকার লক্ষাধিক মানুষ যাতায়াত করে থাকে। স্থানীয় লোকজন বলেন, গত বছর বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর সড়কটি আর সংস্কার করা হয়নি। এলজিইডির উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস বলেন, ‘সড়কটির কার্পেটিং উঠে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসে সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন। আশা করি, শিগগিরই সড়কটির সংস্কারকাজ শুরু হবে।’