বেহাল সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি থেকে পাগলাপীর বাজার পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক বেহাল। সড়কটি দীর্ঘ ১০ বছর ধরে সংস্কার না করায় প্রায় ৫০টি স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
এই সড়ক দিয়ে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি, ধনতলা ও সয়রাবাড়ির তিনটি বড় হাটবাজারে যেতে হয়। দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সঙ্গে গঙ্গাচড়া উপজেলার সড়কপথে যোগাযোগের প্রধান পথ হলো মহাসড়কের পাগলাপীর বাজার থেকে বেতগাড়ি সড়ক। নানা ধরনের পণ্যবাহী যানবাহন এই সড়ক দিয়েই চলাচল করে।
এলাকাবাসী সূত্র জানায়, ১০ বছর ধরে এই সড়কটি বেহাল। এই সড়কে যেকোনো যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুই বছর আগে স্থানীয় তৎকালীন সাংসদকে বিষয়টি জানানোর পরও কোনো ফল মেলেনি। এদিকে তিন মাস আগে এলাকাবাসী বর্তমান সাংসদ, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার কাছে রাস্তাটি সংস্কারের জন্য নতুন করে দাবি জানান। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী আশ্বাস দিলেও এখনো সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ ব্যাপারে সাংসদ মসিউর রহমান বলেন, ‘সড়কটি আমি সরেজমিনে দেখেছি। একাধিক স্থানে গর্ত হয়েছে। এই সড়ক দিয়ে যেকোনো যানবাহন চলাচল কষ্টসাধ্য। এই সড়কের কাজ দ্রুত করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ছয় কিলোমিটার সড়কের প্রায় ৫০টি স্থানে ছোট-বড় গর্ত হয়েছে। এসব খানাখন্দের কিছু স্থানে বৃষ্টির পানি জমে কাদা হয়ে গেছে। খানাখন্দের এক পাশ দিয়ে কোনো রকমে ঢাকাগামী বাস, ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ঝুঁকি নিয়ে চলাচল করে।
শাহপাড়া এলাকার ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, বছরের পর বছর ধরে এই রাস্তার এমন দুরবস্থা। কিন্তু কারোরই যেন চোখে পড়ে না।
বেতগাড়ি এলাকার শিক্ষার্থী এজাজুল ইসলাম বলেন, রাস্তা ভাঙা হওয়ায় এই সড়কে যানবাহন চলাচল অনেক কমে গেছে।
পাগলাপীর এলাকার কৃষক আনোয়ারুল ইসলাম বলেন, ‘এই রাস্তাটা নিয়া হামরা এলাকার মানুষজন এমপির কাছোত কত দেনদরবার করছি। তাও ভালো হয় না।’ এমনি করে অভিযোগ আরও অনেকেই করেছেন।
উপজেলার বেতগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্মলেন্দু গোস্বামী বলেন, ‘এই সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলাচল অনেক কমে গেছে। ফলে এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। সাংসদ এই সড়কের অবস্থা নিজেও দেখে গেছেন। এরপর আর কী থাকতে পারে, বলুন?’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী স্বাগতম কুণ্ডু বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই সড়ক সংস্কারের জন্য ব্যয়ের তালিকা গত জুলাই মাসে ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো জবাব পাওয়া যায়নি।