বেহাল সড়কে ভারী যান চলাচল বন্ধ আট বছর
নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় থেকে বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কে প্রায় আট বছর ধরে ভারী যানবাহন চলাচল করছে না। কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। এতে দুটি উপজেলার ৫০ হাজার মানুষ ১৫ কিলোমিটার ঘুরে অন্য একটি সড়ক দিয়ে যাতায়াত করছে। তাই সময় ও অর্থের অপচয় হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. বাদেশ আলী জানান, অর্থ বরাদ্দ না থাকায় সড়কটি সংস্কার করা যায়নি। পরিস্থিতি এতটাই খারাপ যে এটি পুনর্নির্মাণ ছাড়া কোনো উপায় নেই। এ জন্য প্রায় ১০০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু বরাদ্দ মিলছে না। এতে এ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারছে না।
সরেজমিনে দেখা গেছে, বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ড থেকে রাজাকার মোড় পর্যন্ত ১২ কিলোমিটারের কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অবস্থা এতটাই খারাপ যে হেঁটে চলার উপায় নেই। রাজাকার মোড় থেকে লক্ষ্মীকোল বাজার পর্যন্ত তিন কিলোমিটারের অবস্থাও করুণ। লক্ষ্মীকোল বাজার থেকে রয়না ভরট উচ্চবিদ্যালয় পর্যন্ত চার কিলোমিটারে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জালশুকা বাজারের দক্ষিণ পাশ থেকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় ত্রিমোহনা সেতু পর্যন্ত আট কিলোমিটারজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে মোটরসাইকেল এবং শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন ও করিমন। সড়কটির দুরবস্থার কারণে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ ১৫ কিলোমিটার ঘুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক দিয়ে যাতায়াত করছে।
বড়াইগ্রাম পৌরসভার মেয়র ইসাহাক আলী জানান, সড়ক সংস্কারের বিষয়টি জেলা সমন্বয় কমিটির সভায় বারবার উত্থাপন করা হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। এখন সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে।
বড়াইগ্রামের মৌখাড়া হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রধান জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারেরা এ হাটে মালামাল কিনতে আসেন। কিন্তু সড়কটি খারাপ হওয়ায় তাঁরা আর এ হাটে আসতে চান না। এতে স্থানীয় কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
বড়াইগ্রাম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুল হক জানান, সড়কটির অবস্থা খারাপ হওয়ায় সাতটি কলেজ, নয়টি উচ্চবিদ্যালয়, সাতটি মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে।
নাটোর জেলা পরিবহন মালিক (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সমিতির সভাপতি দুলাল সরকার জানান, সড়কের দুরবস্থার কারণে গুরুদাসপুর থেকে সব বাস ও ট্রাক পাশের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হয়ে জেলা সদরে চলাচল করছে। এতে জ্বালানি খরচ বাড়ছে। সেই সঙ্গে আয়ও কমেছে।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ মো. আবদুল কুদ্দুস দাবি করেন, সড়কটি সংস্কারের জন্য তিনি যোগাযোগমন্ত্রীকে দিয়ে চলতি বছরের জানুয়ারিতে এক কোটি টাকা ছাড় করান। কিন্তু ওই টাকার ৯০ ভাগ দিয়ে নাটোর সদরের উন্নয়নকাজ করা হয়েছে। ফলে সড়কটি আর সংস্কার করা যায়নি। এই সড়কের জন্য টাকা বরাদ্দ আসেনি বলে জানিয়েছেন সওজের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাদেশ আলী।