বেহাল সড়কে ভোগান্তির শেষ নেই

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বরিশালের আগৈলঝাড়া সদর থেকে পয়সারহাট পর্যন্ত ১০ কিলোমিটর সড়কে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে আগৈলঝাড়া কলেজ থেকে কান্দিরপাড় পর্যন্ত দুই কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। এই সড়ক দিয়ে চলতে গিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, খুলনা, ঢাকা, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় চলাচলকারী বেশ কিছু দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং মালবাহী ট্রাকসহ স্থানীয় অনেক যানবাহন প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। বেহাল এই সড়ক পার হওয়ার সময় যানবাহনের চালক ও যাত্রীরা ব্যাপক দুর্ভোগের শিকার হন।
আগৈলঝাড়া উপজেলা সদরের কয়েকজন বাসিন্দা বলেন, সংস্কার না করায় গৌরনদী-আগৈলঝাড়া সড়কের আগৈলঝাড়া সদর থেকে পয়সারহাট অংশের প্রায় ১০ কিলোমিটর সড়কের অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। বর্তমানে বেশ কিছু স্থানে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহনগুলোকে চলতে হচ্ছে এই সড়ক দিয়ে। আগৈলঝাড়া কলেজ থেকে ফুলশ্রী পুরাতন ডাকবাংলো হয়ে কান্দিরপাড় পর্যন্ত দুই কিলোমিটর সড়কের অবস্থা মারাত্মক খারাপ।
এই পথে চলাচলকারী বাসের কয়েকজন চালক বলেন, চলতি বর্ষা মৌসুমে একটানা বৃষ্টির কারণে রাস্তার কার্পেটিং উঠে বড় বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে আগৈলঝাড়া-পয়সারহাট সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাঁরা সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো কাজ হয়নি।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে গর্তগুলো ডুবে রয়েছে। পানি ভর্তি থাকায় গর্তগুলো কতটুকু গভীর তা বোঝার উপায় নেই।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সওজের বরিশাল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল বলেন, সড়কটির কিছু অংশের অবস্থা নাজুক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাঁরা জানিয়েছেন। তাঁরা আশা করছেন, শিগগিরই সড়কটি সংস্কার করা সম্ভব হবে।