বেহাল সোনাডাঙ্গা-গল্লামারী সড়ক
খুলনার গল্লামারী থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কটি খানাখন্দ ও ভাঙাচোরার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গল্লামারী থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনালে আসা বাসযাত্রী মনিরুল ইসলাম বলেন, ‘সাতক্ষীরাত্তে খুলনে পর্যন্ত আসতি এত খারাপ রাস্তা আর দেকিনি। আলোর গুড়ায় এতো অন্ধকার! এচ্চায়ে আমাগে কয়রার রাস্তাও ভালো।’ গল্লামারী বাসস্ট্যান্ডের সামনে সাতটি, সোনাডাঙ্গা থানার সামনে বাস টার্মিনালে ঢোকার পথে বেশ কয়েকটি বড় বড় গর্ত। বিশেষ করে ট্রাক স্ট্যান্ড থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত এক কিলোমটার রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাহী প্রকৌশলী-২ লিয়াকত আলী খান বলেন, সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ট্রাক টার্মিনাল পর্যন্ত মেরামতের জন্য সিটি করপোরেশন থেকে এক বছর আগে একবার ও ছয় মাস আগে আরেকবার দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) বাস টার্মিনালটি সিটি করপোরেশনকে না দেওয়ায় এবং মেয়রের সঙ্গে তাদের বিরোধের কারণে ওই সড়কের সংস্কারকাজ হচ্ছে না। কেডিএ সূত্রে জানা গেছে, খুলনাসহ ১৬টি জেলার পরিবহন ব্যবস্থাপনায় কেডিএ ১৯৮২ সালে সোনাডাঙ্গায় এই বাস টার্মিনাল গড়ে তোলে। যা কেডিএর রাজস্ব আদায়ের একটি প্রধান উত্স। ১৯৯৭-৯৮ সালে কেডিএ সোনাডাঙ্গা থেকে গল্লামারী পর্যন্ত ২৪ মিটার চওড়া ও ১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক (এম এ বারী সড়ক) গড়ে তোলে। এই সংযোগ সড়কটি কেসিসি দুই-তিন বছর ধরে মেরামত করছে না।বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান বলেন, ‘আসলে ওই সড়কের মালিক কে? কেডিএ না কেসিসি? জনগণ দুর্ভোগ পোহাতে চায় না।’ কেডিএর প্রধান প্রকৌশলী এ টি এম ওয়াহিদ আজহার বলেন, ওই সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত করতে ২৫ লাখ টাকা প্রয়োজন। তাই কেডিএ তার নিজস্ব অর্থেই রাস্তাটি মেরামতের জন্য মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। অনুমোদন পেলেই কাজটি করা হবে।খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘ওই রাস্তাটি সোনাডাঙ্গা বাস টার্মিনালের সংযোগ সড়ক। কেডিএ ওই টার্মিনাল থেকে প্রতিদিন গাড়িপ্রতি ৩০ টাকা করে চার-পাঁচ শ গাড়ির টোল আদায় করে। তা হলে ওই সড়ক মেরামত করা উচিত কার? তারা বাস টার্মিনাল ছেড়ে দিলে এক মাসের মধ্যেই রাস্তা করে দেব।’