বেহাল সড়ক, পর্যটক কমেছে মাধবকুণ্ডে
দেশের অন্যতম পর্যটন-স্পট মাধবকুণ্ড জলপ্রপাতে যাওয়ার রাস্তাটির অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। সড়কটির দুরবস্থার কারণে এবার ঈদে এখানে পর্যটকের সংখ্যাও কমে গেছে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলেন, অন্যান্য বছর ঈদের ছুটিতে এখানে যত পর্যটক বেড়াতে আসত, এবার তার অর্ধেকেরও কম এসেছে। তাঁরা বলেন, বিশ্বব্যাংক টাকা দেবে, তারপর কাজ হবে—এ আশায় প্রায় দুই বছর ধরে সড়কের উন্নয়নকাজ হচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার-বড়লেখা-চান্দগ্রাম সড়কের কাঁঠালতলী বাজার থেকে পূর্ব দিকে চলে গেছে কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়ক। কিন্তু এই সড়কের শুরু থেকেই পর্যটকদের দুর্ভোগ পোহাতে হয়। প্রায় আট কিলোমিটার রাস্তার পুরোটা ছোট-বড় অনেক খানাখন্দে ভরে গেছে। দুই বছর ধরে সড়কটির এ অবস্থা চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, তারা রাস্তাটি ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করতে চায়। এখন আছে ১০ থেকে ১২ ফুট। বিশ্বব্যাংকের অর্থায়নে গত বছরের মে মাসে রাস্তার উন্নয়নকাজ হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে বিশ্বব্যাংক আর টাকা দেয়নি। তাই কাজও আর হয়নি। প্রকল্পের ঘেরাটোপে পড়ে রাস্তার উন্নয়নকাজ শুধু পিছিয়ে যাচ্ছে। মাধবকুণ্ড ইকোপার্ক ও মাধবকুণ্ড জলপ্রপাতের দায়িত্বে থাকা বন বিভাগ জানিয়েছে, তারা বিভিন্ন সময় রাস্তার অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসনের সভায় রাস্তার উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়া গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘রাস্তার অবস্থা বেহাল। এই রাস্তায় যেকোনো গাড়ির বারোটা বাজবে। যোগাযোগের কারণে গতবারের তুলনায় এবার ঈদের ছুটিতে অর্ধেক পর্যটকও আসেনি। শুধু ভালো যোগাযোগের জন্য লাউয়াছড়ায় অনেক বেশি পর্যটক আসছে।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুর নবী রাস্তার খারাপ অবস্থার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে কথা হচ্ছে। আশা করছি, কিছুদিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে।’