বেহাল সড়ক, যাত্রীদের চরম দুর্ভোগ
সিলেট-তামাবিল সড়কের মীরাবাজার ও শিবগঞ্জ অংশে স্থানে স্থানে ছোট-বড় বহু ফাটল সৃষ্টি হয়েছে। এ কারণে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটির কয়েক কিলোমিটার অংশের বেহাল দশা থাকলেও পুনর্নিমাণ বা মেরামতের কোনো উদ্যোগ সওজ কর্তৃপক্ষ নিচ্ছে না বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।স্থানীয়রা জানান, সিলেট-তামাবিল সড়কের মীরাবাজার ও শিবগঞ্জ অংশের সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। কয়েক কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়েই নগরের কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাসহ জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট—এ তিন উপজেলাবাসীকে শহরে প্রবেশ করতে হয়।সরেজমিনে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এ সড়কের মীরাবাজার, পশ্চিম মীরাবাজার, শিবগঞ্জ, পূর্ব শিবগঞ্জ, পশ্চিম শিবগঞ্জ ও টিলাগড় এলাকার কয়েক কিলোমিটার অংশে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া স্থানে স্থানে কার্পেটিং উঠে তৈরি হয়েছে ছোট-বড় খানাখন্দ। প্রায় সময় যানবাহন এ খানাখন্দে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।অটোরিকশাচালক রায়হান উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এ বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। এ সড়কে যান চলাচলে একের পর এক ঝাঁকুনির মধ্য দিয়ে চলতে হয়। এতে করে যাত্রীদের পাশাপাশি চালকদের ভোগান্তিও কম হচ্ছে না। প্রায় সময়ই যানবাহন বিকল হয়ে পড়ছে।সেনপাড়া এলাকার বাসিন্দা দেবাশীষ সরকার বলেন, ‘শহরের গুরুত্বপূর্ণ এলাকা বন্দরবাজার এলাকায় আমাকে প্রায় প্রতিদিনই যেতে হয়। কিন্তু এ সড়ক দিয়ে যাওয়ার সময় প্রায় সারাক্ষণই ঝাঁকুনির মধ্যে থাকতে হয়। যাত্রী চলাচলের গুরুত্বপূর্ণ এ সড়কটি মেরামতে কেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগী হচ্ছে না, তা বুঝতে পারছি না।’সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘সড়কটির মীরাবাজার ও শিবগঞ্জ অংশের কাজ জরুরি সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতাভুক্ত ছিল। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে এটির নির্মাণকাজ হয়নি। বর্তমানে ওই সড়কে ওভার লে-এর মাধ্যমে কাজ করার জন্য একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। এটির অনুমোদন পেলেই সড়ক নির্মাণকাজ শুরু হবে।’