বেহাল সড়ক, চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক নামে পরিচিত সোনাপুর-থানারহাট ও বাংলাবাজার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির বেশির ভাগ অংশেই পিচের আস্তরণ (কার্পেটিং) উঠে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ অবস্থার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসসহ সোনাপুর-থানারহাট-আক্তার মিয়ারহাট ও সোনাপুর-চরজব্বার-চেয়ারম্যানঘাট যাত্রাপথের অর্ধশতাধিক বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
সবচেয়ে খারাপ অবস্থা সড়কের সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অংশের। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে আসনসংকটের কারণে অনেক শিক্ষার্থী শহরে থাকেন। বিশ্ববিদ্যালয়ের বাস কিংবা অন্য যানবাহনে তাঁরা ক্যাম্পাসে আসা-যাওয়া করেন। কিন্তু সড়কটির বর্তমানে যে দুরবস্থা তাতে ক্যাম্পাসে একবার এলে আর যাওয়ার সময় কোনো গাড়িতে উঠতে ইচ্ছা করে না।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী রবিউল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সড়কটির এমন দুরবস্থা হবে, তা কল্পনাও করা যায় না। সড়কটি হেঁটে চলাচলেরও অনুপযোগী।
পিকআপ ভ্যানের চালক জহিরুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন এলাকায় প্রায়ই তিনি পণ্য নিয়ে যান। কিন্তু এত খারাপ সড়ক খুবই কম দেখেছেন। গাড়ি নিয়ে এই সড়কে আসতে ইচ্ছা হয় না।
বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দারা জানান, প্রায় সাত-আট বছর আগে সর্বশেষ সড়কটি সংস্কার করা হয়। এরপর আর সংস্কার করা হয়নি। এতে সড়কের বেশির ভাগ অংশই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ ও গর্তের কারণে সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মো. আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কারে আনুমানিক ব্যয়ের হিসাব তৈরি করে জেলা কার্যালয়ের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পরই দরপত্র আহ্বান করা হবে।