বেহাল সড়ক জনদুর্ভোগ
চট্টগ্রামের পটিয়ার কেলিশহর সংযোগ সড়ক খানাখন্দে ভরা৷ এতে পৌরসভাসহ চার ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে৷
সরেজমিনে দেখা যায়, বিওসি সড়ক থেকে আকবর শাহ দরগার গেট পর্যন্ত অংশ বেশি খারাপ৷ সড়কের এই অংশে কার্পেটিং (সড়কে পিচের আস্তরণ) উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে৷ সড়কের এই অংশ দিয়ে হাঁটাও কষ্টকর৷ বেহাল এই সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরনের যান চলাচল করছে৷
পটিয়া উপজেলা সদরের সঙ্গে বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের একাধিক ইউনিয়নের লোকজন এই সড়ক দিয়ে সহজে যাতায়াত করতে পারে৷
বর্ষা মৌসুমের আগে সড়কটি সংস্কার করা না হলে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল আলীম বলেন, প্রতিদিন ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে৷ সড়কের দুরবস্থার কারণে প্রতিদিনই নষ্ট হচ্ছে গািড়র যন্ত্রাংশ৷ এ ছাড়া দুর্ঘটনা তো আছেই৷
স্কুলশিক্ষক অরুণ কুমার মিত্র বলেন, সড়কটির দুরবস্থা দেখে মনে হচ্ছে, এটির কোনো অভিভাবক নেই৷ বর্তমান যে অবস্থা, তাতে গাড়িতে করে যাতায়াত করতে ইচ্ছে হয় না৷
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০১০ সালে সড়কটির ক্ষতিগ্রস্ত এক হাজার ৭০০ মিটার অংশ কার্পেটিং করা হয়৷ সংস্কারকাজ শেষ হওয়ার দেড় বছর যেতে না যেতেই ওই অংশের অবস্থা আগের মতো হয়ে যায়৷
উপজেলা প্রকৌশলী হাছান আলী বলেন, সড়কের কেলিশহর অংশ সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে৷ শিগগিরই কাজ শুরু হবে৷
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী আজম বলেন, সড়কের পৌরসভার অংশটি সংস্কারের জন্য বরাদ্দ পেলে কাজ করা হবে৷