
অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচলের কারণে মানিকগঞ্জের সাটুরিয়া-গোলড়া সড়ক কয়েক জায়গায় দেবে গেছে। কার্পেটিং উঠে গিয়ে সড়কটির অনেক স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহনের শ্রমিকদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিড়ম্বনায় পড়ছেন কৃষকেরাও।
জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা, গাজীপুরসহ এর আশপাশের এলাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় মালামাল বহন করা হয় ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে। আবার একইভাবে এ মহাসড়ক হয়ে ওই সব জেলা থেকে ঢাকা ও এর আশপাশের এলাকায় মালামাল বহন করা হয়ে থাকে। এই মহাসড়কের ঢাকার ধামরাই উপজেলার বাথুলী এলাকায় রয়েছে সড়ক ও জনপথের ওজন স্কেল। অতিরিক্ত মালামাল বহন করলে এ স্কেলে যানবাহনগুলোকে জরিমানা দিতে হয়। এই জরিমানা এড়াতে রাতের বেলায় মালবাহী যানবাহনগুলো সাটুরিয়া-গোলড়া সড়ক ব্যবহার করে।
এসব যানবাহন ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া সড়ক ও পরে সাটুরিয়া-গোলড়া সড়ক হয়ে পুনরায় ওই মহাসড়কে চলাচল করে। অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচলের কারণে সাটুরিয়া-গোলড়া সড়কের অনেকাংশ দেবে গেছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের অধিকাংশ স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, সাটুরিয়া উপজেলার ফকুরহাটি, হরগজ, দরগ্রাম, ধানকোড়া ও বালিয়াটি ইউনিয়নে শীতকালীন বিভিন্ন সবজির বেশ আবাদ হয়ে থাকে। এসব সবজি ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করা হয়। তবে নয় কিলোমিটার এ সড়কের অধিকাংশ স্থানে খানাখন্দের সৃষ্টি ও দেবে যাওয়ায় এসব সবজি পরিবহনে কৃষকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তা ছাড়া এসব সবজি পরিবহনে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
হরগজ গ্রামের চাষি নূরুল ইসলাম বলেন, এ বছর তিনি ২৪ বিঘা জমিতে ফুলকপি, বাঁধাকপি ও আলুর চাষ করেছেন। সড়কের বেহাল অবস্থার কারণে সবজি পরিবহনে সমস্যায় পড়তে হচ্ছে। পরিবহন ভাড়াও বেশি গুনতে হচ্ছে। একই সমস্যার কথা জানান কামতা গ্রামের খোরশেদ আলম, জান্না গ্রামের আজিজ মোল্লাসহ আরও বেশ কয়েকজন কৃষক।
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নয়াডিঙ্গি এবং এর আশপাশে পোশাক কারখানাসহ বেশ কয়েকটি কারখানা আছে। সাটুরিয়ার বিভিন্ন এলাকার শ্রমিকেরা এসব কারখানায় কাজ করেন। উপজেলার ধুল্লা গ্রামের রেহেনা আক্তার, কৃষ্ণপুরা গ্রামের সুফিয়া বেগম ও হরগজ গ্রামের শুকতারা বেগম নয়াডিঙ্গি এলাকায় তারাসীমা অ্যাপারেলস লিমিটেডে কাজ করেন। তাঁরা বলেন, সপ্তাহে ছয় দিন তাঁদের কারখানায় যাওয়া-আসা করতে হয়। সড়কের খানাখন্দ আর গর্তের কারণে বাস ধীরগতিতে চলে। এ কারণে বাড়ি থেকে সময়মতো বের হয়েও কারখানায় পৌঁছাতে দেরি হয়।
এ সড়কে চলাচলকারী পল্লীসেবা পরিবহনের বাসের চালক ফরিদ হোসেন বলেন, ওভারলোডে ট্রাক চলায় অনেক জায়গায় দেবে গেছে। গাড়ি চালাতে গিয়ে যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
৪ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, সড়কটির জান্না থেকে ফকুরহাটি এবং কৃষ্ণপুরা থেকে ধুল্লা পর্যন্ত এলাকায় অনেকাংশে দেবে গিয়ে ঢেউয়ের মতো সৃষ্টি হয়েছে। এ ছাড়া কামতা নাহার গার্ডেন এলাকা থেকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী আতিয়া তনী বলেন, অতিরিক্ত মালবাহী এসব যানবাহন চলাচল বন্ধে পুলিশকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে। এরপরও মালবাহী যানবাহন চলাচল বন্ধ হয়নি। তিনি বলেন, রাস্তাটি সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।
সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল বন্ধে রাতের বেলায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।