>

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
যশোর পৌরসভার বেশির ভাগ সড়ক বেহাল হয়ে পড়েছে। শহরের ভেতরে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই পানি জমে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আবার রোদের সময় ধুলাবালুর কারণে চোখ-মুখ বন্ধ করে চলতে হয়। এসব সড়ক এখন শহরবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
যশোর পৌরসভা সূত্রে জানা গেছে, পৌনে ১৪ বর্গকিলোমিটার আয়তনের পৌর এলাকায় ১১৫ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। এর অন্তত ৫০টি পাকা সড়কের প্রায় ৭৫ কিলোমিটারে পুনর্নির্মাণ ও সংস্কার প্রয়োজন।
সরেজমিনে শহরের অন্তত ১৫টি সড়কের বেহাল চিত্র দেখা গেছে। নীল রতন ধর (ভোলা ট্যাংক), এম এম আলী, শাহ আবদুল করিম, স্টেডিয়ামের চারপাশ, সার্কিট হাউসপাড়া, কেশবলাল, হরিনাথ দত্ত, গুরুদাস বাবু লেন, টিবি ক্লিনিক, ঘোপ নওয়াপাড়া, ডিসি বাংলো, রেলরোড প্রভৃতি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কের বিটুমিনের কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পৌর কর্তৃপক্ষ গর্তের ভেতরে আধলা ইট ফেলে সড়কগুলো কোনোরকমে চলাচলের উপযোগী রাখার চেষ্টা করছে।
নীল রতন ধর সড়কের নবকিশলয় স্কুলের সামনে থেকে চার খাম্বার মোড় পর্যন্ত ২০০ গজের অবস্থা খুবই খারাপ। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের ধুলায় আচ্ছন্ন হয়ে যায় আশপাশের দোকানপাট। এ সড়কের সেলুন ব্যবসায়ী নিরঞ্জন বিশ্বাস বলেন, ‘সারা দিন ধুলো খেয়ে মরলাম। ধুলো থেকে বাঁচার জন্য সারা দিনই দোকানের সামনে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। রাস্তা খারাপের জন্য চলাচলেও অনেক সমস্যা হয়।’
কারবালা সড়কের বাসিন্দা মিনতি রানী মল্লিক বলেন, ‘রিকশায় করে শহরের বিভিন্ন স্থানে যাই। আগে ডিসি বাংলো সড়ক দিয়ে যাতায়াত করতাম। বেহাল অবস্থার কারণে এখন অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে। সময় ও টাকা বেশি লাগছে।’
বেজপাড়া এলাকার বাসিন্দা ইকবাল কবির জাহিদ বলেন, ‘পৌর কর দিয়েও জনগণ ঠিকমতো সেবা পাচ্ছেন না। শহরের ৭০ শতাংশ রাস্তাই চলাচলের অযোগ্য। এক পাশ থেকে রাস্তা সংস্কার করা হয়, আরেক পাশ দিয়ে নষ্ট হয়। সংস্কারের এক বছর না যেতেই রেলসড়ক বেহাল হয়ে পড়েছে।’
যশোর পৌর নাগরিক কমিটির সদস্য রবিউল আলম বলেন, ‘সম্প্রতি পৌর এলাকায় নর্দমার সঙ্গে রাস্তা নির্মাণের কিছু কাজ হয়েছে। তারপরও শহরের চলাচলের রাস্তাগুলোর অবস্থা একদমই ভালো না। রাস্তাগুলো চলাচলের উপযোগী করার জন্য আমরা দাবি জানিয়ে আসছি।’
এ প্রসঙ্গে পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার প্রথম আলোকে বলেন, ‘এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নগর উন্নয়ন প্রকল্পের আওতায় দুই ধাপে শহরের ৪২টি সড়কের পুনর্নির্মাণ ও সংস্কারকাজ করা হবে। আগামী ডিসেম্বর নাগাদ প্রথম ধাপের ১৩টি সড়কের দরপত্র আহ্বান করা হবে। জুন মাসের দিকে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে।’
এদিকে শহরের ভেতরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন তিনটি সড়কের বিটুমিনের কার্পেটিং উঠে গেছে, সৃষ্টি হয়েছে খানাখন্দের। যশোর-নড়াইল মহাসড়কের ১ কিলোমিটার, যশোর-বেনাপোল মহাসড়কের ৩ কিলোমিটার এবং পালবাড়ি-বোর্ড অফিস-মনিহার সড়কের পৌনে ৫ কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কে দূরপাল্লার এবং ভারী যানবাহন চলাচল করে বেশি।
যশোর সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, পদ্মা সেতুর জন্য যশোর-নড়াইল সড়কটি সম্প্রতি জাতীয় মহাসড়কে উন্নীত করা হয়েছে। শহরের মনিহার থেকে ভাঙ্গুরা পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের জন্য ২৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পালবাড়ি-বোর্ড অফিস-মনিহার পর্যন্ত সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এ ছাড়া যশোর-বেনাপোল সড়ক চার লেনে উন্নীত করার আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।