সোমবারের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চলাচলের উপযোগী না হলে সব ধরনের যান চলাচল বন্ধের হুমকি দিয়েছে পরিবহন মালিক সমিতি। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. হাফিজ আক্তারের সঙ্গে দেখা করে বেহাল সড়ক সচল করার দাবি জানান সমিতির প্রতিনিধিরা।
জেলা পুলিশ সুপার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে তিনি সড়কপথে ঢাকা আসছেন। আগামীকাল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ থাকায় প্রতিদিন তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহনকে। ঈদ সামনে রেখে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনায় আজ পরিবহন মালিক সমিতি বৈঠক করে জেলা পুলিশ সুপারের সঙ্গে। বৈঠকটি প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়।
বৈঠকে পরিবহন মালিকেরা অভিযোগ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ পাঁচ ঘণ্টার পথ পাড়ি দিতে ১০ থেকে ৩০ ঘণ্টা লেগে যাচ্ছে।
বৈঠকে উপস্থিত ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. আবু মোজাফফর প্রথম আলোকে বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ওই মহাসড়কে গাড়ি আর চলে না। জোর করে গাড়ি চালালে চাকা ও যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। এখন আদায়কৃত ভাড়ার চেয়ে যন্ত্রাংশ স্থাপনে খরচ বেড়ে গেছে। তাই আমরা রাস্তার গর্তগুলো ভরাট করে গাড়ি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছি। এ জন্যে ৭২ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। নইলে কঠিন কর্মসূচিতে যাবে পরিবহন মালিকেরা।’
দীর্ঘদিন ধরে চার লেনের কাজ চলা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ২০১০ সালের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটিতে এক দিনের জন্যও নিরবচ্ছিন্নভাবে যান চলাচল করেনি। মহাসড়কটির চার লেন করার কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের জানুয়ারিতে। মহাসড়কটি নির্মাণের দায়িত্ব পেয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন। জোড়াতালি দিয়ে মহাসড়কটি চালু রাখতে হলেও এ মুহূর্তে ১০ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে যোগাযোগ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো।
এই মুহূর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ৩০ কিলোমিটারে খানাখন্দের কারণে প্রতিদিনই যানজট হচ্ছে। মহাসড়কের কুমিল্লা অংশেরও প্রায় ২০ কিলোমিটার জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। ২০১১ সালেও মহাসড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন প্রায় ৬০ কোটি টাকা বাড়তি খরচ করে তা মেরামত করা হয়। এখন আবার সীতাকুণ্ড, মিরসরাই ও কুমিল্লার বিভিন্ন অংশে গর্ত তৈরি হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন উন্নীতকরণ প্রকল্পের উপব্যবস্থাপক জুলফিকার আহমেদ বলেন, মহাসড়কের গর্ত ভরাটের কাজ দ্রুত চলছে। বৃষ্টি না হলে আরও তিন-চার দিন লাগবে। এরপর মহাসড়ক গাড়ি চলাচলের পুরোপুরি উপযোগী হয়ে যাবে।