
বেহাল সড়ক কেমন? ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে এলেই মিলবে এর উত্তর। সড়কের বেশির ভাগ জুড়ে থাকা যানজটে আটকে থেকে দীর্ঘক্ষণ ধরেই এই অভিজ্ঞতা নেওয়া যাবে। ঠাট্টার ছলে কথাগুলো বললেন পঞ্চবটী মোড়ে যানজটে আটকে থাকা একটি বাসের যাত্রী আফসারুল হক। বাসে থাকা আরও কয়েকজন যাত্রীও যোগ দিলেন তাঁর সঙ্গে।
পঞ্চবটী থেকে গত সপ্তাহে রাজধানী ঢাকার পোস্তগোলায় আসার সময় আফসারুল বললেন কথাগুলো। পথ ধরে এগোতে এগোতে বোঝা গেল তাঁর কথার রহস্য। দুই লেনের সড়কের পঞ্চবটী থেকে পোস্তগোলা পর্যন্ত অসংখ্য ছোট-বড় গর্ত এবং কিছুদূর পর পর যানজট। কোথাও কোথাও যানজট পেরোতে লেগে গেল প্রায় আধা ঘণ্টা!
কয়েকজন জানালেন, ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের সপ্তাহের ছয় দিনই পোহাতে হচ্ছে এসব দুর্ভোগ। তাঁরা মনে করছেন, সড়কটি চার লেন করলে, সড়কের পাশে ও সড়কের একাংশজুড়ে থেমে থাকা ট্রাক সরাতে পারলে এবং ট্রাফিক-ব্যবস্থা জোরদার করতে পারলেই মুক্তি মিলবে এই যন্ত্রণা থেকে। আর পরিবহনশ্রমিক ও চালকেরা এ সমস্যার আশু সমাধান হিসেবে সড়কের পাশে দুটি ট্রাকস্ট্যান্ড স্থাপনের দাবি জানিয়েছেন।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কের পাশে থাকা জায়গা অবৈধ দখলমুক্ত করতে পারলেই এটি চার লেনে পরিণত হবে।
পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া পর্যন্ত পুরোনো এই সড়কের দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধকেই এই সড়ক করা হয়েছে। ১৯৯৭ সালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক চালু হওয়ার আগে এটিই ছিল ঢাকা-নারায়ণগঞ্জে যাতায়াতের একমাত্র সড়কপথ। ঢাকা থেকে মুন্সিগঞ্জ জেলা সদরে যাওয়ার সহজ পথ ও সংক্ষিপ্ত এটি।
নারায়ণগঞ্জের ইতিহাস থেকে জানা যায়, গত শতাব্দীর পঞ্চাশের দশকে ব্রিটেনের রানি এলিজাবেথের ঢাকা থেকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌবিহার উপলক্ষে চাষাঢ়া রেললাইন থেকে পোস্তগোলা পর্যন্ত সড়কটি পাকা করা হয়। সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা সড়ক বিভাগ।
সরেজমিনে দেখা গেছে, চাষাঢ়া ডাকবাংলো, মাসদাইর সিটি কবরস্থান, পঞ্চবটী মোড়, ফতুল্লা বাজার, দাপা, শৈলকূড়া, আলীগঞ্জ, পাগলা বাজার, মুন্সিখোলা, শ্যামপুর, কদমতলী এলাকায় সবচেয়ে বেশি যানজট হয়। পঞ্চবটী থেকে পোস্তগোলা পর্যন্ত সমতল রাস্তা তেমন চোখে পড়ে না। এই সড়কে রিকশা, ব্যাটারিচালিত টমটম, বাস, ট্রাক থেকে শুরু করে ১৬ চাকার কনটেইনার মুভারসহ সব ধরনের যান চলাচল করে। মুন্সিগঞ্জে থাকা তিনটি সিমেন্ট কারখানার কয়েক শ কাভার্ড ভ্যান চলে এই সড়ক দিয়ে।
সড়কের দুই পাশে কোথাও ছোট-বড় শিল্প-কারখানা, তৈরি পোশাক কারখানা, ইট-বালুর গদিঘর, ব্যবসাকেন্দ্র, বাজার এবং আবাসিক এলাকা। রয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত দুটি জ্বালানি তেল কোম্পানির ডিপো।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কের চাষাঢ়া থেকে মাসদাইর কবরস্থান পর্যন্ত আবাসিক এলাকা এবং সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আদর্শ স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় সকাল সাতটা থেকেই এখানে জট শুরু হয়। এ কারণে শিক্ষার্থী, অভিভাবক ও কর্মস্থলমুখী মানুষকে এই জটে পড়তে হয়। পঞ্চবটী মোড়ে একটি সড়ক চলে গেছে বিসিক শিল্পনগর ও মুন্সিগঞ্জের দিকে। ওই মোড়ে রয়েছে মিনিবাস, অটোরিকশার স্ট্যান্ড। ট্রাফিক-ব্যবস্থা ভালো না হওয়ায় এখানে তীব্র যানজটে আটকে থাকতে হয় দীর্ঘক্ষণ।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, বাস, ট্রাক, কভার্ড ভ্যান, মালভর্তি রিকশাভ্যানসহ বিভিন্ন যান থামিয়ে কমিউনিটি পুলিশের চাঁদাবাজি ওই স্থানে যানজটের আরেকটি কারণ। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনায়েতনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন বলেন, চাঁদাবাজি নয়, যানজটের মূল কারণ সরু রাস্তা। যানজট নিরসনে পঞ্চবটী মোড়ে চারজন ট্রাফিক পুলিশ ও ছয়জন কমিউনিটি পুলিশ দায়িত্ব পালন করেন। কমিউনিটি পুলিশের তো কোনো বেতন নেই, তাদের বেতন-ভাতা তো যানবাহন থেকে পাওয়া চাঁদা থেকেই পরিশোধ করা হয়।
পঞ্চবটী মোড় থেকে কিছু দূর এগোলেই বুড়িগঙ্গা নদীর তীরে জ্বালানি তেলের দুটি ডিপোর সামনে রাস্তার দুই পাশে থাকে ট্যাংকলরির সারি। কোনোটি সারির বাইরে এলেই সড়কে চলাচলের অংশ কমে যায়। তখন পাশাপাশি দুটি ভারী যান চলাচল করতে না পারায় জটের সৃষ্টি হয়। পাগলা বাজার ও এর আশপাশে ইট-বালুর অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠানে ট্রাকের যাতায়াত, সড়কে থেমে থাকা ট্রাক এবং বাসে যাত্রী ওঠানো-নামানোর কারণে পাগলা বাজার এলাকায়ও সারাক্ষণ তীব্র যানজট হয়। দাপা, শৈলকূড়া ও আলীগঞ্জ এলাকায়ও একই অবস্থা। এসব এলাকার কোথাও কোথাও ইট, বালুর বিস্তার সড়ক পর্যন্ত। দেখা গেল, অপেক্ষাকৃত সরু রাস্তায় মালামাল ওঠানো-নামানোর জন্য থাকা ট্রাক ও থেমে থাকা ট্রাক এসব এলাকায় যানজটের প্রধান কারণ। একই অবস্থা মুন্সিখোলা, শ্যামপুর ও কদমতলী পর্যন্ত। এসব স্থানে সিমেন্ট, রডের অসংখ্য বিপণনকেন্দ্রের পাশাপাশি আছে ইট, বালু ও পাথরের অসংখ্য গদিঘর। আছে ভারী অনেক শিল্প-কারখানা। এ জন্য ভারী যান চলে সব সময়।
এসব কারণে সমাধান হিসেবে ভুক্তভোগী ও এলাকাবাসী সড়কটি চার লেন ও দুটি ট্রাকস্ট্যান্ড করার দাবি জানিয়েছেন।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের মুন্সিখোলা থেকে কদমতলী পর্যন্ত সড়কের জন্য জমি অধিগ্রহণ করা আছে। এর বেশির ভাগই অবৈধ দখল রয়েছে। জমি অবৈধ দখলমুক্ত করা গেলে রাস্তাটি এমনিতেই চার লেনে পরিণত হবে। তিনি বলেন, পাগলায় ট্রাকস্ট্যান্ড গড়ে তোলার জন্য সড়ক ও জনপথের মালিকানাধীন ২২ একর জমি ইজারা নেওয়া হচ্ছে। এ ছাড়া পাগলার তালতলায় ভূমি মন্ত্রণালয়ের মালিকানাধীন ১১ একর জমিতে আরেকটি ট্রাকস্ট্যান্ড নির্মাণের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।