
বাগমারা থেকে রাজশাহী জেলা শহরে যোগাযোগের প্রধান পথ ভবানীগঞ্জ-সইপাড়া সড়কের বেহাল অবস্থার কারণে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সংস্কার না করায় ৩০ কিলোমিটার দীর্ঘ সড়কটির অধিকাংশ স্থান খানাখন্দ।
সরেজমিনে দেখা যায়, সইপাড়া থেকে ভবানীগঞ্জ পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কের প্রায় ২০ কিলোমিটার অংশ বেহাল। অনেক স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি পড়লেই গর্তগুলোতে পানি জমে। সড়কের পাশে অবৈধ স্থাপনার কারণে অনেক স্থান ধসে গেছে। পিচ উঠে ইটের খোয়া বের হয়ে আছে। মাদারীগঞ্জ থেকে সইপাড়া এবং বাগমারা মেডিকেল থেকে ভবানীগঞ্জ পর্যন্ত সড়কের অবস্থা বেশি খারাপ।
অটোভ্যানচালক আবদুল মোমিন ও ভটভটিচালক মামুনুর রশিদ জানান, এ রাস্তা দিয়ে গাড়ি চালাতে তাঁদের খুব কষ্ট হয়। সময় অপচয় হওয়া ছাড়াও দুর্ঘটনার ঝুঁকিও থাকে।
বেহাল অবস্থার কারণে সড়কটিতে গত ২২ জুলাই থেকে বাস-ট্রাকসহ ভারী কোনো যানবাহন চলাচল করছে না। চালকদের অভিযোগ, এ সড়ক দিয়ে চলাচল করলে গাড়ির বিভিন্ন সমস্যা ছাড়াও যাত্রী পাওয়া যায় না। সময়মতো গন্তব্যে পৌঁছানো যায় না। এসব কারণে তাঁরা বাস চালানো বন্ধ করে দিয়েছেন।
ভবানীগঞ্জ বাসস্ট্যান্ডের চেইন মাস্টার আবদুস সাত্তার জানান, সড়কের বেহাল অবস্থার কারণে বাস চলাচল কমে গিয়েছিল। চালকেরা সড়কে বাস চালাতে চান না। এ জন্য ২০ দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, সড়কটি ১৯৯২ সালের দিকে পাকা করা হয়। এরপর মাঝেমধ্যে কিছু খানাখন্দ খোয়া দিয়ে ভরাট করা হলেও তা কিছুদিনের মধ্যেই আগের অবস্থায় ফিরে যায়। সবশেষ ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগমারা সফরের আগে সড়কটির কিছু অংশের খানাখন্দ ভরাট করা হয়। এরপর থেকে কোনো সংস্কার এবং খানাখন্দও ভরাট করা হয়নি। এক বছর ধরে সড়কটির অবস্থা বেশি খারাপ হয়েছে।
সওজ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ জানান, ওই রাস্তাটি সংস্কারের একটি প্রকল্প একনেকে পাঠানো হয়েছে। সেটি পাস হলেই দরপত্রের মাধ্যমে কাজ শুরু করা হবে।