বেহাল সড়কে জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধারের পর শজারু l ফাইল ছবি
উদ্ধারের পর শজারু l ফাইল ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী-দাসেরহাট সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

চরশাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলজার মোহাম্মদ বলেন, মান্দারী-দাসেরহাট সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে অল্প সময়ের মধ্যে নোয়াখালী যাওয়া যায়। এই সড়ক দিয়ে চরশাহী, কুশাখালী, দিঘলী ও মান্দারী ইউনিয়নের লক্ষাধিক মানুষ যাতায়াত করে।

গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তাটিতে বড় বড় গর্ত। গর্তের কারণে সড়কের পশ্চিম জামীরতলী, ফতেহ উল্যাহপুর, দিঘলী ইউনিয়ন পরিষদের সামনের সড়ক চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এতে এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

৯ কিলোমিটার দীর্ঘমান্দারী-দাসেরহাট সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আবুল কাশেম, আনোয়ার হোসেন ও মো. হারুন বলেন, রাস্তাটি ভালো থাকার সময় মান্দারী থেকে দাসেরহাট বাজারে যেতে ২০ মিনিট সময় লাগত। কিন্তু এখন ৪০ মিনিটেরও বেশি সময় লাগে। সড়ক বেহাল হওয়ায় প্রায় প্রতিদিনই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এতে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁরা বলেন, রাস্তাটি সংস্কার করা না হলে ঈদের পরে গাড়িচালকেরা আন্দোলনে নামবেন।

দাসেরহাট বাজারের ব্যবসায়ী মো. ইউসুফ, বেলাল হোসেন ও মো. ইলিয়াছ পাটোয়ারী বলেন, সড়ক বেহাল হওয়ায় বাজারে মানুষ কম আসছে। যে কারণে বেচাকেনা অনেক কমে গেছে। এ ছাড়া পণ্য আনতে হলে আগের থেকে তিন গুণ ভাড়া বেশি দিতে হয়। এ সব কারণে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

দিঘলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলাই চন্দ্র নাথ বলেন, রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এতে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

জনতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান বলেন, চলতি বছর রাস্তাটির কিছু অংশ সংস্কার করা হয়েছে। কিন্তু পুরো সড়ক সংস্কার করা হয়নি। এতে যাতায়াতে সমস্যা হচ্ছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, বরাদ্দ পেলে সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।