
নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী সড়ক ও কল্যান্দি-চন্দেরহাট সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে উপজেলার প্রধান দুটি সড়ক দিয়ে যাতায়াতে বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দুটি সড়ক খানাখন্দে ভরা। এর মধ্যে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের ছাতারপাইয়া বাজার, কানকিরহাট বাজার, কেশারপাড়, ডমুরুয়া, সাতবাড়িয়া বাজার, কাদরা মোড়, উপজেলা সদরের অংশ, থানার মোড় থেকে সেনবাগ রাস্তার মাথা পর্যন্ত সড়কের অবস্থা বেশি খারাপ। ছোট-বড় অসংখ্য গর্তের কারণে সড়কটি অনেকটাই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একই অবস্থা কল্যান্দি-চন্দেরহাট সড়কের কল্যান্দি বাজার থেকে দক্ষিণ দিকে ফকিরহাট পর্যন্ত অংশের। সড়কের অনেক অংশে পিচের আস্তরণ (কার্পেটিং) উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে সড়ক ভেঙে পড়ছে পাশের পুকুর-ডোবায়। এ অবস্থায় সড়ক দুটি দিয়ে ঝুঁকি নিয়ে অসংখ্য যানবাহন ও পণ্যবাহী গাড়ি চলাচল করছে।
সেনবাগ-সোনাইমুড়ী সড়কে চলাচলকারী অটোরিকশার চালক জসিম উদ্দিন বলেন, উপজেলার প্রধান এ সড়কে খানাখন্দের কারণে প্রায়ই অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। এতে আয়ের একটি বড় অংশ চলে যায় অটোরিকশার রক্ষণাবেক্ষণ খাতে। তা ছাড়া খানাখন্দের কারণে যাত্রীদেরও সীমাহীন ভোগান্তি পোহাতে হয়।
খাজুরিয়া সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত উল্যাহ বলেন, যানবাহনের ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায়। সড়কটি দিয়ে যাতায়াত করতে ইচ্ছা করে না। এদিকে সড়ক খারাপ হওয়ায় অটোরিকশার চালকেরাও বেশি ভাড়া দাবি করেন।

ছাতারপাইয়া বাজারে পিকআপ ভ্যানের চালক মো. ইব্রাহিম বলেন, গত বিএনপি সরকারের আমলে সেনবাগ-সোনাইমুড়ী সড়কটি প্রশস্ত করার পাশাপাশি নতুন করে কার্পেটিং করা হয়। এরপর মাঝেমধ্যে ছোটখাটো গর্ত ভরাট ছাড়া সড়কটিতে তেমন উন্নয়নকাজ হয়নি। ফলে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলার বীজবাগ ইউনিয়নের ফকিরহাট এলাকার বাসিন্দা কলেজছাত্র সালাহ উদ্দিন বলেন, তিনি কল্যান্দি-চন্দেরহাট সড়ক দিয়ে প্রতিদিন অটোরিকশায় দাগনভূঁইয়া যাতায়াত করেন। সড়কের দুরবস্থার কারণে একদিন কলেজে ক্লাস করতে গেলে পরদিন আর যেতে ইচ্ছা করে না।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, আট বছর আগে সেনবাগ-সোনাইমুড়ী সড়কে বড় ধরনের সংস্কারকাজ করা হয়েছিল।
সেনবাগে সড়কের খারাপ অবস্থার কথা স্বীকার করে সওজের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি সেনবাগ-সোনাইমুড়ী সড়ক পরিদর্শন করেছেন। দ্রুত সংস্কার করা না গেলে সড়কটি পুরোপুরি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।