বেহাল সড়কে দুর্ঘটনা, ভোগান্তিতে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার কাঁচা-পাকা সড়কগুলো এখন বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বিভিন্ন পাকা সড়কের প্রায় ৭৫ কিলোমিটার অংশে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্টার ঘেঁটে দেখা যায়, গত সেপ্টেম্বরে কাউনিয়ার বিভিন্ন সড়কে ১১টি দুর্ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছে, আহত হয়েছে ২৭ জন। গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পাঁচ মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬১টি।
উপজেলার হরিশ্বর এলাকার ব্যবসায়ী সুমন মিয়া বলেন, গত বৃহস্পতিবার রাতে উপজেলা বাসস্ট্যান্ড থেকে তকিপলহাট সড়কের খাদে আটকে একটি পাটবোঝাই ট্রাক উল্টে যায়।
উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলায় কাঁচা-পাকা মিলে ৫৩৫ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে কাঁচা ৪২৫ এবং পাকা সড়ক ১০৭ কিলোমিটার। ইট বিছানো সড়ক তিন কিলোমিটার। এর মধ্যে উপজেলার প্রধান সড়কসহ পাকা অন্য সড়কের ৭৫ কিলোমিটার অংশ খানাখন্দে পরিণত হয়েছে।
উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, অপ্রতুল বরাদ্দের কারণে সড়কগুলো সংস্কার করা যাচ্ছে না। চলতি অর্থবছরে বরাদ্দ পেলে উপজেলার প্রধান ও ইউনিয়নের সড়কগুলো সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। তবে গ্রামীণ সড়ক সংস্কার করার জন্য কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায় না।
গত মঙ্গল ও বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার প্রায় ৭৫ দশমিক ২১ কিলোমিটার পাকা সড়কের অবস্থা বেহাল। সড়কগুলোয় কার্পেটিং ও ইট-খোয়া-বালু উঠে অসংখ্য খানাখন্দে পরিণত হয়েছে। এরপরও ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। বেইলি সেতু থেকে কুটিরপাড় ও বকুলতলা থেকে মেনাজবাজার পর্যন্ত গর্তে ভরা পাকা সড়কটি মাটি দিয়ে সংস্কার করায় এটি এখন কাঁচা সড়কে পরিণত হয়েছে। এবারের অতিবর্ষণ ও বন্যায় কাঁচা সড়কগুলোও ভেঙেচুরে নষ্ট হয়েছে।
বেইলি সেতু বাজার মসজিদের ইমাম আবদুল মতিন বলেন, মানুষ ঝুঁকি নিয়ে সড়কগুলো দিয়ে চলাচল করছে। বেশি সমস্যায় পড়তে হয় এলাকার মানুষ অসুস্থ হলে। ভাঙাচোরা সড়কে ধীর গতিতে গাড়ি চলাচল করায় হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে অনেক সময় মুমূর্ষু রোগী মারা যায়।
বালাপাড়া গ্রামের রিকশাচালক ইব্রাহিম আলী (৪২) বলেন, ‘দ্যাশোত এত উন্নয়ন, কিন্তুক হামার কাউনিয়ার আস্তাগুলা কি ভালো হবার নেয়। ইশকাও (রিকশা) চলা যায় না। পেত্যেক দিন কোনো না কোনো সড়কোত গাড়ি ওল্টি যায়া মানুষ আহত হয়, মরে যায়।’
স্থানীয় ঠিকাদার মোশারফ হোসেন বলেন, গ্রামীণ সড়কগুলোতে প্রতিদিন ২০-২৫ টন ধারণক্ষমতার ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করায় সড়কগুলোর এমন বেহাল অবস্থা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন বলেন, উপজেলা পরিষদের রাস্তা মেরামতের সক্ষমতা নেই। তবে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।