বেহাল সড়কে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁ উপজেলার নয়াপুর-পঞ্চমীঘাট সড়কে খানাখন্দ। গতকাল তোলা ছবি l প্রথম আলো
সোনারগাঁ উপজেলার নয়াপুর-পঞ্চমীঘাট সড়কে খানাখন্দ। গতকাল তোলা ছবি l প্রথম আলো

দীর্ঘদিন সংস্কার না করায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর-পঞ্চমী ঘাট সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে জমে আছে বৃষ্টির পানি। এতে সড়কটিতে ঠিকমতো যান চলাচল করতে পারছে না। মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে উপজেলার সাদিপুর ইউনিয়নের মদনপুর-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কের নয়াপুর বাজার থেকে পঞ্চমী ঘাট বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, সড়কটির বেশির ভাগ জায়গায় বড় বড় গর্তে পানি জমে আছে। যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে। নানাখী গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া বলেন, উপজেলার বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক ব্যবহার করে প্রতিদিন সনমান্দি, সাদিপুর ও জামপুর ইউনিয়নের ৩৫টি গ্রামের বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও চাকরিজীবীরা ঢাকা-নারায়ণগঞ্জে যাতায়াত করেন। তা ছাড়া উপজেলার এ তিন ইউনিয়নের বাসিন্দারা উপজেলা সদরে যাতায়াতে এ সড়ক ব্যবহার করেন।
সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ‘আট বছর ধরে মেরামত না করায় সড়কের এ দুরবস্থা হয়েছে। সড়কটি মেরামতের জন্য আমি উপজেলা এলজিইডি কার্যালয়ে গত চার বছরে বেশ কয়েকবার লিখিতভাবে জানিয়েও ফল পাইনি।’

এলজিইডির সোনারগাঁ উপজেলা প্রকৌশলী নুর নবী পাঠান বলেন, সড়কটি মেরামত করার জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই মেরামতকাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা বলেন, ‘সড়কটি মেরামত করার জন্য আমি প্রকৌশলীদের নির্দেশ দিয়েছি।’