বেহাল সড়কের জন্য সিডিএর দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বেহাল সড়ক নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ক্ষোভ প্রকাশের পর একটি লিখিত ব্যাখ্যা দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ব্যাখ্যায় বলা হয়, গত বর্ষা মৌসুমে অবিরাম বর্ষণের কারণে সড়কের উন্নয়নকাজ হাতে নেওয়া হলেও তা শেষ করা যায়নি। এ জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত রোববার নগরের বহদ্দারহাট হয়ে আরাকান সড়কের ওপর দিয়ে রাঙ্গুনিয়া যান। সেখানে চট্টগ্রাম ওয়াসার একটি প্রকল্পের পাইপলাইন উদ্বোধনকালে চট্টগ্রাম শহরের সড়কের বেহাল অবস্থা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।স্থানীয় সরকারমন্ত্রীর এ বক্তব্যের পরই গতকাল সোমবার সিডিএ থেকে ওই ব্যাখ্যা দেওয়া হয়। ব্যাখ্যায় আরও বলা হয়, বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার ও মেরামত করা হয়নি। ফলে সেটি একপ্রকার চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গত এপ্রিলে প্রকল্পের কাজ শুরু করে। কাজ শুরুর পর দীর্ঘস্থায়ী অবিরাম বর্ষণ শুরু হয় বলে ব্যাখ্যায় দাবি করা হয়। এরই মধ্যে কাজ করতে গিয়ে দেখা যায়, রাস্তার মূল কাঠামো সম্পূর্ণ নষ্ট এবং রাস্তার দুই পাশের নর্দমাগুলো সম্পূর্ণ অকেজো হয়।