বেহাল হাতিরঝিল সংযোগ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশার গ্যারেজ আর তরল বর্জ্যে বেহাল হয়ে আছে রাজধানীর হাতিরঝিল সংযোগ সড়ক। চলাচল করতে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
সংযোগ সড়কটি তেজগাঁওয়ের সাত রাস্তার মোড় থেকে হাতিরঝিল পর্যন্ত। ফার্মগেট মোড় থেকে কম সময়ে হাতিরঝিল যাওয়ার জন্য এই সংযোগ সড়ক ব্যবহৃত হয়। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, সড়কটির দুই পাশের ফুটপাতসহ মূল সড়কের ওপর তৈরি করা হয়েছে রিকশা ও গাড়ি মেরামতের অবৈধ গ্যারেজ। সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয়েছে রিকশা, ভ্যানগাড়ি ও অটোরিকশা। ফুটপাতের ওপরই বসানো হয়েছে চায়ের দোকান। ফুটপাত দিয়ে চলার জায়গা নেই। সংযোগ সড়কটির বেগুনবাড়ী বাজার থেকে হাতিরঝিল পর্যন্ত অংশটি ভাঙা। দুই পাশে পয়োনিষ্কাশনের লাইন ভেঙে ছড়িয়ে পড়েছে গাড়িগুলোর তরল বর্জ্য। এই নোংরা পানিতে পুরো সড়ক ডুবে আছে। নোংরা পানি এড়িয়ে চলতে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে।
হাতিরঝিল সংযোগ সড়কটি দিয়ে নিয়মিত চলাচলকারী বেসরকারি সংস্থার কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘এই সড়কের ফুটপাতের পুরোটাই বেদখল হয়ে আছে। বসতবাড়িগুলো থেকে বেরিয়ে আসা নোংরা পানিতে রাস্তা সয়লাব হয়ে আছে। প্রচণ্ড কষ্ট করেই চলাচল করতে হচ্ছে।’ দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ কোনো দেখভাল না করায় সড়কটি এমন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এই সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের অধীনে। এই ওয়ার্ডের কাউন্সিলর মো. সফিউল্লা বলেন, ‘রাস্তা মেরামতের জন্য দরপত্রের কাজ শেষ হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে রাস্তার কাজ শুরু হবে।’ রাস্তার ওপর রিকশার অবৈধ গ্যারেজ উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আস্তে আস্তে এগুলো উচ্ছেদের কাজ শেষ করব।’