বোঝার উপায় নেই এটি স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অযত্ন-অবহেলায় মুখ থুবড়ে পড়েছে পাবনা পৌরসভা পরিচালিত একমাত্র প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির এমনই বেহাল অবস্থা যে বাইরে থেকে বোঝার উপায় নেই, এটি বিদ্যালয়। এ কারণে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। তবে বিদ্যালয়ের দুজন শিক্ষক ও একজন আয়ার বেতন বাবদ প্রতিমাসে ব্যয় হচ্ছে প্রায় ৩৫ হাজার টাকা।
পাবনা পৌরসভা সূত্রে জানা গেছে, হরিজন সম্প্রদায়ের শিশুদের জন্য পাবনা পৌরসভা ১৯৭০ সালে জেলা সদরের দক্ষিণ রাঘবপুর মহল্লায় ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। তখন বিদ্যালয়টির নামকরণ করা হয় হরিজন পৌর প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১৯৯১ সালে বিদ্যালয়টি পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে উন্নীত করা হয়। এ সময় বিদ্যালয়টিতে হরিজন শিশুদের পাশাপাশি আশপাশের মহল্লার অন্য শিশুরাও ভর্তি হতে থাকে। পরে বিদ্যালয়টির নাম রাখা হয় শহীদ মওলানা কসীমুদ্দিন নিম্নমাধ্যমিক বিদ্যালয়।
২৫ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের নেই কোনো সাইনবোর্ড। আছে শুধু একটি পাকা ভবন। এর মধ্যে পাঁচটি শ্রেণিকক্ষ। সামনে টিনের ছাউনি দেওয়া বারান্দা। বাঁশের বেড়া দিয়ে বারান্দা ঘিরে রাখা হয়েছে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। শ্রেণিকক্ষগুলো ময়লা ও স্যাঁতসেঁতে। বারান্দায় পা রাখতেই পচা গন্ধ এসে নাকে লাগে। পাঁচ কক্ষের চারটিই বন্ধ। ভাঙাচোরা অপর কক্ষে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১৮ জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন এক শিক্ষক।
শিক্ষার্থীরা জানায়, তালাবদ্ধ কক্ষগুলো ব্যবহারের অনুপযোগী। তাই সেগুলো আটকে রাখা হয়েছে। একটি কক্ষ কিছুটা ভালো থাকায় সব ক্লাসের শিক্ষার্থীদের এই কক্ষেই পড়ানো হয়। কিন্তু বৃষ্টি এলে এ কক্ষটিতেও পানি পড়ে। তখন বইখাতা নিয়ে পালাতে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রাথমিক থেকে নিম্নমাধ্যমিকে উন্নীত করার সময় বিদ্যালয়টিতে চার শতাধিক শিক্ষার্থী ছিল। এ সময় চারজন শিক্ষক পাঠদান করতেন। নতুন করে আর কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। একই সঙ্গে দীর্ঘদিন মেরামত না করায় এবং অযত্ন-অবহেলায় বিদ্যালয়টি পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে। এতে পৌর কর্তৃপক্ষ একজন শিক্ষকও কমিয়ে দেয়। বর্তমানে বিদ্যালয়টিতে দুজন শিক্ষক ও একজন আয়া রয়েছেন। পৌরসভার তহবিল থেকে প্রতি মাসে তাঁদের বেতন বাবদ ব্যয় হচ্ছে প্রায় ৩৫ হাজার টাকা। কিন্তু পড়ালেখার স্বাভাবিক পরিবেশ না থাকায় দিনে দিনে শিক্ষার্থীর সংখ্যা কমছে। খাতা-কলমে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০ শিক্ষার্থীর নাম থাকলেও বাস্তবে রয়েছে মাত্র ৪০ জন।
জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি সুবল দাশ জানান, বিদ্যালয়টি সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছে। কিন্তু কিছুই হয়নি।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র সাহা জানান, বিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে মেয়র স্যার অবগত আছেন। তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে শিগগিরই সংস্কারের আশ্বাস দিয়েছেন।
পৌরসভার সচিব মো. সাইদুল ইসলাম বলেন, ‘আমরা একটি প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়টির নতুন ভবন তৈরির চেষ্টা করছি।’ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তাবিবুর রহমান জানান, আগামী জানুয়ারির মধ্যে বিদ্যালয়টির সংস্কারকাজ শুরু হবে।