বোতলজাত পানির কারখানার ট্যাংকে মরা তেলাপোকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ পানি বোতলজাত করে খনিজ পানি হিসেবে বিক্রি করছিল প্রিয়া ড্রিঙ্কিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠান। তাদের পানির ট্যাংকে দেখা যায় মরা তেলাপোকা। এ ছাড়া পয়োনিষ্কাশন লাইনের সংযোগটিও ছিল ট্যাংকের কাছাকাছি। ওই লাইন ছিদ্র হয়ে পানি এসে মিশছিল ট্যাংকে। বিএসটিআইয়ের ছাড়পত্র না নিয়ে নিম্নমানের এই পানি বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরের আন্দরকিল্লা এলাকার প্রিয়া ড্রিঙ্কিং ওয়াটার কারখানায় গিয়ে এই চিত্র দেখতে পান। প্রতিষ্ঠানটির মালিক পাপড়ি রানী ধরকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পানি জীবাণুমুক্ত করার কোনো ব্যবস্থাও ছিল না কারখানাটিতে। জারে মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ ছিল না।
এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি এবং বিক্রির অপরাধে চকবাজারের সাদিয়াস কিচেনকে ৫ হাজার টাকা এবং সাইমুম রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন পৃথক ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান ও আবদুস সামাদ শিকদার।