বোতাম-সেফটিপিনের ঘোষণায় সিগারেট আমদানি, শত কোটি টাকার ‘শুল্ক ফাঁকি’
শুল্ক ফাঁকি দিতে টায়ার, বোতাম ও সেফটিপিন আনার ঘোষণা দিয়ে সিগারেট আমদানি করার অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের বর্তমান, সাবেক কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল শনিবার রাতে দুদক চট্টগ্রাম কার্যালয়ে মামলাগুলো করেন সংস্থার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। মামলায় ২০১৮ সালের ১৪ মে থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ১০টি চালানের মাধ্যমে ১০৫ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার আসামিরা হলেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী প্রোগ্রামার কামরুল হক, শুল্কায়ন গ্রুপের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা ও বর্তমানে ঢাকার কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুন্নাহার জনি, সাবেক রাজস্ব কর্মকর্তা ও বর্তমানে রাজশাহীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো. হাবিবুল ইসলাম, কাস্টমসের এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা সুলতান আহম্মদ, কম্পিউটার অপারেটর ফিরোজ আহমেদ, উচ্চমান সহকারী মো. আবদুল্লাহ আল মাছুম ও অফিস সহায়ক মো. সিরাজুল ইসলাম, ঢাকার কোতোয়ালি থানাধীন জারা এন্টারপ্রাইজের মালিক মাহবুবুর রহমান, সিফাত ট্রেডিংয়ের মো. সালাউদ্দিন টিটো, মুভিং ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. মিজানুর রহমান চাকলাদার, মো. মফিজুল ইসলাম, আবদুল হান্নান দেওয়ান এবং সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স চাকলাদার সার্ভিসের মো. হাবিবুর রহমান (অপু) চাকলাদার।
এ ছাড়া আবদুল গোফরান, মো. জহুরুল ইসলাম ও মো. আবুল কামাল নামের তিনজনকে অনুপ্রবেশকারী হিসেবে মামলায় যুক্ত করা হয়েছে। তাঁরা চট্টগ্রামের চান্দগাঁও, জোরারগঞ্জ ও ফরিদপুরের বাসিন্দা।
দুদক চট্টগ্রামের পরিচালক মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ঘোষণা দিয়ে আনা পণ্যের পরিবর্তে উচ্চ শুল্ক হারযুক্ত পণ্য আমদানি ও খালাস করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছেন আসামিরা। তাঁরা পরস্পর যোগসাজশে ১০৫ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩৬০ টাকা শুল্ক ফাঁকি দিয়েছেন।
দুদক সূত্র জানায়, তিন মামলার একটিতে ১২ জনের বিরুদ্ধে ৫৬ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৯৭৫ টাকা শুল্ক ফাঁকির অভিযোগ আনা হয়েছে। বাকি ২টি মামলার একটিতে ৮ জন ও অপরটিতে ১১ জনের বিরুদ্ধে যথাক্রমে ৩২ কোটি ২৭ লাখ ১ হাজার ৬৩৫ টাকা ও ১৬ কোটি ১৪ লাখ ৩৭ হাজার ৭৫০ টাকা শুল্ক ফাঁকির অভিযোগ আনা হয়েছে।