বোন হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন
যৌতুক না পেয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রসুলবাড়িয়া গ্রামের গৃহবধূ রুবিনাকে (২০) তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার নিহত রুবিনার বড় ভাই পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বোনের হত্যার সুষ্ঠু তদন্তসহ বিচারের দাবি করেন।
নিহত রুবিনার ভাই রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তিন বছর আগে রুবিনার সঙ্গে উপজেলার রসুলবাড়িয়া গ্রামের ফেরদৌস প্যাদার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য তাঁর বোনকে প্রায়ই মারধর করা হতো। ২০ জুন রাতে স্বামী ও বাড়ির সদস্যদের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রুবিনা। পরদিন ২১ জুন সকালে তাঁকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন। বোনের মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন রুবিনা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন। খবর পেয়ে তাঁরা হাসপাতালে এসে বোনের মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পান।
১৫ জুলাই রুবিনার ভাই রফিকুল বাদী হয়ে ফেরদৌসসহ ওই পরিবারের পাঁচজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি রুজু করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য রাঙ্গাবালী থানা-পুলিশকে নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র দে বলেন, রুবিনার মৃত্যুর পর গলাচিপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে রুবিনার ভাই আদালতে হত্যা মামলা দায়ের করলে আদালতের নির্দেশে রাঙ্গাবালী থানায় মামলা রুজু করা হয়। ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।