বোনাসের দাবিতে মংলা ইপিজেডে শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ বোনাসের দাবিতে গতকাল বুধবার সকালে মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) মূল ফটকের বাইরে বিক্ষোভ করেছেন বোরা ইন্টারন্যাশনাল নামের রাবার কারখানার দুই শতাধিক শ্রমিক।
ইপিজেড সূত্রে জানা যায়, বোরা ইন্টারন্যাশনালের শ্রমিকেরা সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত ইপিজেড গেটের সামনে রাস্তায় অবস্থান করেন। ১১টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।
প্রতিষ্ঠানের উপব্যবস্থাপক কাজী শামসুল আরিফ বলেন, কারখানায় দুই মাস ধরে কোনো কাজ না থাকলেও সেখানে কর্মরত শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে। মঙ্গলবার তাঁদের চলতি মাসের বেতন পরিশোধ করা হয়েছে। ২৮ জুলাই তাঁদের ঈদ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তবু শ্রমিকেরা বেআইনিভাবে বিক্ষোভ করেছেন।
একই কথা বলেন মংলা ইপিজেডের মহাব্যবস্থাপক হাফিজুর রহমান। তিনি বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ২৭ জুলাই শ্রমিকদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।