বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ
ঈদে বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন ম্যাগী অ্যান্ড লীজ করপোরেশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা।
গতকাল সোমবার দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম নগরের লাভ লেইন এলাকায় কারখানার সামনের রাস্তা অবরোধ করেন তাঁরা। পরে মালিকপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসে কারখানায় ফেরেন শ্রমিকেরা।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, সকালে কাজে এসে তাঁরা জানতে পারেন, চলতি মাসের বেতন দেওয়া হলেও কোনো ধরনের বোনাস দেবে না মালিকপক্ষ। এ কথা ছড়িয়ে পড়ার পর তুমুল বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ে রাস্তায় নামেন তাঁরা।
কোতোয়ালি থানার টহল পুলিশ পরিদর্শক সৈয়দ মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। মালিকপক্ষ ২৬ জুলাইয়ের আগে বোনাস দেওয়া সম্ভব নয় বলে ঘোষণা দিয়েছিল, আর শ্রমিকেরা আরও আগে বোনাস পাওয়ার দাবি জানান।’
সৈয়দ মো. জাহাঙ্গীর আরও জানান, রাস্তা অবরোধের পর শ্রমিক, মালিক ও পুলিশের প্রতিনিধিরা আলোচনায় বসেন। মালিকপক্ষ যত দ্রুত সম্ভব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে রাস্তা অবরোধ করায় ওই এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা সরে গেলে বেলা দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।