বোনের স্বামীর হাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোনের স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে শিল্পী আক্তার (২৫) নামের এক বাক্‌প্রতিবন্ধী নারী খুন হয়েছেন৷ আহত হয়েছেন তাঁর বোন বাক্‌প্রতিবন্ধী শিলা আক্তার৷ গত শুক্রবার রাতে সাভারের যাদুরচর এলাকায় এ ঘটনা ঘটে৷ শিল্পী ও শিলা যাদুরচর এলাকার বাবুল মিয়ার মেয়ে৷

স্থানীয় বাসিন্দারা জানান, ১০ বছর আগে শিল্পীর বিয়ে হয় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দরিচন্দ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তারেক রহমানের সঙ্গে৷ আর চার মাস আগে তারেকের বড় ভাই শরীফুল ইসলাম বিয়ে করেন শিল্পীর ছোট বোন শিলাকে৷ বিয়ের পর থেকে তারেক শ্বশুরবাড়ি থেকে গাড়ি চালাতেন৷ আর দাম্পত্য কলহের কারণে শরীফ রাজধানীর মোহাম্মদপুরে থেকে গাড়ি চালাতেন৷

সাভার থানা ও শিল্পীর পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কাজে গত বৃহস্পতিবার তারেক তাঁর গ্রামের বাড়ি যান৷ এ কারণে শিল্পীর মেয়ে তানিয়াকে (৬) নিয়ে দুই বোন শুক্রবার রাতে একই ঘরে ঘুমান৷ রাত তিনটার দিকে শরীফ ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শিলাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন৷ তাঁকে বাঁচাতে গেলে শিল্পীর শরীরে ধারালো অস্ত্রের আঘাত লাগে৷ ঘটনাস্থলেই​ তিনি মারা যান৷ এ সময় শিলার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শরীফ পালিয়ে যান৷ শিলাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

এদিকে স্ত্রীর খুন হওয়ার খবর পেয়ে তারেক গতকাল দুপুরে যাদুরচর এলে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন৷ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নিয়ে যান৷

পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তারেক বলেন, তাঁদের ১০ বছরের সংসারজীবনে কোনো কলহ ছিল না৷ কিন্তু শ্যালিকার সঙ্গে তঁার ভাইয়ের কলহ লেগেই ছিল৷ তিনি বলেন, উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হলেও শিলা তাঁর ভাইকে পছন্দ করতেন না৷ এ কারণে তাঁর ভাই মোহাম্মদপুরে থাকতেন৷ এই ক্ষোভেই তাঁর ভাই স্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করে থাকতে পারেন৷

 সাভার থানার ওসি মোস্তফা কামাল বলেন, দাম্পত্য কলহের জের ধরে শরীফ তাঁর স্ত্রীকে খুন করার চেষ্টা করেন৷ কিন্তু রাতের আঁধারে এলোপাতাড়ি আঘাতে মারা যান তাঁর স্ত্রীর বড় বোন৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চ​লছে৷