বোমা মিজানের ২০ ও স্ত্রীর ৫ বছর কারাদণ্ড
বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা জাহিদুল ইসলাম ওরফে সুমন ওরফে বোমা মিজান ও তাঁর স্ত্রী হালিমা বেগমকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত জাহিদুলকে ২০ বছর এবং তাঁর স্ত্রীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪-এর বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে জাহিদুলের স্ত্রীকে আদালতে হাজির করা হয়। আর ময়মনসিংহের ত্রিশালে পুলিশ-ভ্যানে গুলি চালিয়ে ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে জাহিদুল ওরফে বোমা মিজানকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। সেই থেকে তিনি পলাতক। গতকাল তাঁকে পলাতক দেখিয়ে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসামি জাহিদুল ইসলাম গ্রেপ্তার বা আত্মসমর্পণ করার দিন থেকে রায়টি কার্যকর হবে।
২০০৯ সালের ১৫ মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর মিরপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাহিদুল ও তাঁর স্ত্রীকে আটক করে। ওই সময় ঘটনাস্থল থেকে গ্রেনেড, অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি আবদুর রহিম বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। ওই বছরের ১৫ জুন তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। জাহিদুলের বিরুদ্ধে আরও ১৪টি মামলা রয়েছে।