বোমা মেরে ও গুলি করে যুবদল কর্মীকে হত্যা
যশোর শহরে গত রোববার রাতে বোমা মেরে ও গুলি করে মারুফ হোসেন (২৮) নামের যুবদলের এক কর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা৷ গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করতে পারেনি পুলিশ৷
মারুফ শেখহাটি মোল্লাপাড়া এলাকার আইয়ুব হোসেনের ছেলে৷ শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় তাঁর মুদির দোকান রয়েছে৷
কোতোয়ালি থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে মারুফ তাঁর মুদি দোকান বন্ধ করে এর সামনে দাঁড়িয়ে ছিলেন৷ এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে প্রথমে বোমা ও পরে গুলি করে পালিয়ে যায়৷ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন৷
যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, শত্রুতার জের ধরে মারুফকে হত্যা করা হতে পারে৷ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনের নাম শোনা গেছে৷ তদন্তের স্বার্থে এই নাম প্রকাশ করা যাচ্ছে না৷ নিহত ব্যক্তির স্বজনেরা এখনো মামলা করেননি৷
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘মারুফ যুবদলের সক্রিয় কর্মী ছিলেন৷ অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি৷’