বোমা মেশিন, চাঁদাবাজি বন্ধের দাবিতে আ.লীগের ধর্মঘট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা মেশিন ও পাথর কোয়ারিতে চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পাথরবাহী ট্রাক ও নৌযান ধর্মঘট পালন শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ।
ধর্মঘটের সময় অবরোধ করে রাখায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে কোনো পাথরবাহী পরিবহন চলাচল করতে পারেনি। প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পাথরবাহী শতাধিক ট্রাক আটকা পড়েছে।
পাথর ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পরিবেশ বিধ্বংসী ‘বোমা মেশিন’ চলছে পাঁচ বছর ধরে। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন প্রতি মাসেই নিষিদ্ধ ‘বোমা মেশিন’বিরোধী অভিযান চালাচ্ছে।
অভিযানকালে নিষিদ্ধ এ যন্ত্রের ব্যবহার বন্ধ থাকলেও পরে আবার নানা কৌশলে চলে। এতে রাজনৈতিকভাবে প্রভাবশালী পাথরব্যবসায়ীদের যোগসাজশ আছে বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগের ডাকা ধর্মঘট নিয়ে চলছে নানা ধরনের আলোচনা।
গত বুধবার সন্ধ্যার পর কোম্পানীগঞ্জ উপজেলা সদরে মাইকযোগে ধর্মঘট আহ্বানের বিষয়টি প্রচার করা হয়। প্রচারণায় সড়ক দিয়ে পাথরবাহী ট্রাক ও নদীতে পাথরবাহী নৌযান চলাচল বন্ধ থাকার কথা থাকলেও সরেজমিনে দেখা গেছে, থানা সদর বাজারে রাস্তায় গাছ ফেলে আগুন জ্বালিয়ে চলছে ‘ধর্মঘট ধর্মঘট’ শোরগোল।
সেখান থেকে ১০ কিলোমিটার দূরে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে গিয়ে ধর্মঘটের কোনো প্রভাব দেখা যায়নি। ধলাই নদসহ আশপাশের নৌপথগুলোতে পাথর পরিবহন স্বাভাবিক ছিল।
দলীয় সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আমজাদের নেতৃত্বে দলের প্রভাবশালী পাথর ব্যবসায়ী একটি পক্ষ গত জুলাই মাস থেকে বোমা মেশিন ও ভোলাগঞ্জে চাঁদাবাজি বন্ধ করার দাবিতে সোচ্চার হয়।
তারা কয়েক দফা বৈঠক করে গত রোববার উপজেলা প্রশাসনকে স্মারকলিপি দেয়। দুই দিন পর গত বুধবার আকস্মিক ধর্মঘট আহ্বান করা হয়।
ধর্মঘটের প্রতিবাদে গতকাল দুপুরে সিলেট মহানগরের কদমতলীতে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভা করে। সংগঠনের জেলা সভাপতি আবু সরকারের সভাপতিত্বে সভা থেকে অবিলম্বে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় পাল্টা কর্মসূচির হুমকি দেওয়া হয়।
যোগাযোগ করা হলে আলী আমজাদ বলেন, তাঁরা শুরু থেকেই বোমা ও চাঁদাবাজির বিরুদ্ধে ছিলেন। কাজ হচ্ছে না দেখে শেষে ধর্মঘট আহ্বান করেছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবিরের অভিযোগ, প্রশাসনের যোগসাজশেই ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে নিষিদ্ধ বোমা মেশিন চলে এবং মাসে কয়েক কোটি টাকার চাঁদাবাজি হয়। বিভিন্ন মহলে এ ব্যাপারে অভিযোগ করেও তাঁরা ফল না পেয়ে ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন।
তবে প্রশাসনের কোনো যোগসাজশ নেই বলে জানান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুকনউদ্দিন আহমদ।
বুধবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘রোপওয়ে বাংকার নামক স্থান থেকে পাথর উত্তোলন হতো। সেখানে ১৪৪ ধারা জারি আছে। সুতরাং এ ধারা বলবৎ থাকার মধ্যে এ ধরনের ঢালাও অভিযোগ সত্য নয়।’