বোমা হামলার প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সচিব বিজয় কুমার সাহার বাড়িতে বোমা হামলার প্রতিবাদে এবং তাঁর প্রতি সহমর্মিতা জানাতে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার, বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, সাবেক সভাপতি অমৃত লাল সাহা, রায়গঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চন্দন কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুল ইসলাম, সভাপতি আবদুল হাদী আলমাজী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস প্রমুখ।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিমল কুমার পোদ্দারের সঞ্চালনায় সভার শুরুতেই দুর্বৃত্তদের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ির প্রধান বিজয় কুমার সাহা ওই ঘটনার বর্ণনা দেন।
গত ২৭ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা ওই শিক্ষকের বাড়িতে বোমা হামলা করে। এতে তাঁর বাড়ির একটি ঘর পুরোপুরি ও আরেকটি ঘর আংশিক পুড়ে যায়। এ বিষয়ে বাড়ির মালিক বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা করেছেন।