২০০৫ সালে হবিগঞ্জে সিরিজ বোমা হামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। গতকাল রোববার নির্ধারিত দিনে সাক্ষী আদালতে হাজির না হওয়ায় বিচারক সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আগামী ১১ অক্টোবর। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মতো হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে একযোগে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক পাঁচটি মামলা করে। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, সাক্ষ্য গ্রহণের জন্য গতকাল দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-২-এ মামলার আসামি জেএমবি-প্রধান ও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা সাইদুর রহমান ও তাঁর ছেলে জেএমবির তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এ এইচ এম শামীমসহ কয়েকজনকে হাজির করা হয়। বিচার কার্যক্রম শুরু হলে আদালতের বিচারক মাহফুজা পারভীনের কাছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাক্ষ্য গ্রহণের জন্য সময় প্রার্থনা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ১১ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। তবে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন। হবিগঞ্জ প্রতিনিধি