বোমায় আঙুল উড়ে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন এসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমায় আঙুল উড়ে যাওয়া বগুড়ার সোনাতলা উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শহিদা খাতুনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক। গতকাল বুধবার হাসপাতালে শহিদাকে দেখতে গিয়ে তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানান।
শহিদা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দিনমজুর হামিদুল হকের মেয়ে। গত মঙ্গলবার খড়ের গাদায় লুকিয়ে রাখা হাতবোমা বিস্ফোরণে শহিদার ডান হাতের সব আঙুল উড়ে যায়। সে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল ও শহিদার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে হাসপাতালে শহিদাকে দেখতে যান পুলিশ সুপার মো. মোজাম্মেল হক। এ সময় তিনি শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের কথা পরিবারকে জানান। এ ছাড়া তিনি তাৎক্ষণিকভাবে হামিদুল হকের হাতে ১০ হাজার টাকা তুলে দেন।
মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘টাকার জন্য শিশুটির চিকিৎসা যাতে ব্যাহত না হয়, এ জন্য সব খরচ ব্যক্তিগতভাবে বহনসহ তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি। পরিবারের দীনতার কথা জেনে কিছু আর্থিক সহযোগিতা দিয়েছি। ককটেলটি কীভাবে কারা সেখানে লুকিয়ে রেখেছিল, তা খুঁজে বের করতে থানার পুলিশকে নির্দেশ দিয়েছি।’
গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, শহিদা বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। ব্যান্ডেজে তার ডান হাত বাঁধা। বাঁ হাত, পেট, মুখমণ্ডল হাতবোমার স্প্লিন্টারে আঘাতে ক্ষত-বিক্ষত। এ সময় ওই হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল আলম জানান, শহিদা আপাতত শঙ্কামুক্ত। তবে ডান হাতের সব আঙুল উড়ে যাওয়ায় শহিদাকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে হবে। এ ছাড়া শহিদার বাঁ হাত, পেট ও শরীরের আরও কয়েকটি স্থানে স্প্লিন্টারের আঘাতে দগ্ধ হয়েছে। পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, প্রত্যন্ত পাড়াগাঁয়ের ওই খড়ের গাদায় কীভাবে ককটেল এল, তা তদন্ত করে দেখছে পুলিশ।