ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গত এক বছরে সামাজিক বনায়নের ১৭৫টি গাছ চুরি হয়েছে৷ এর সঙ্গে বনরক্ষী আবদুল বারেক ও সামাজিক বনায়ন সমিতির একাংশের সভাপতি আলমগীর হোসেন জড়িত বলে প্রমাণ পেয়েছে চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি৷
বন বিভাগ জানায়, ১৯৯৬-৯৭ অর্থবছরে বোরহানউদ্দিনের বোরহানগঞ্জ-রানীগঞ্জ সড়কের তিন কিলোমিটারে দুই পাশে তিন হাজারের বেশি রেইনট্রি, শিশু, চাম্বল, মেহগনি, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগায় বন বিভাগ৷ নীতিমালা অনুযায়ী ওই সব গাছের ৬০ শতাংশের মালিক স্থানীয় উপকারভোগীরা৷ বািক ৪০ শতাংশের মালিক বন বিভাগ, ইউনিয়ন পরিষদসহ কয়েকটি প্রতিষ্ঠান৷
স্থানীয় বাসিন্দা শাহজাহান সরদার, আবদুল কাদের, মনির হোসেন, মফিজ উদ্দিন, মো. খোকন, বাচ্চুসহ একাধিক ব্যক্তি বলেন, বনরক্ষীদের সহযোগিতায় গত কয়েক বছরে সড়কের দুই পাশ থেকে কয়েক শ গাছ চুরি করা হয়৷ এতে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন৷ ১৩ জুন বনরক্ষী আবদুল বারেক স্থানীয় আলমগীর হোসেনের সহায়তায় শ্রমিক জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন, নাছির উদ্দিন ও ইয়াসিনকে দিয়ে গাছ কাটেন৷ এলাকাবাসী বাধা দিলে আলমগীর তাঁর লোকজনকে নিয়ে গ্রামবাসীর দিকে তেড়ে আসেন এবং মামলার হুমকি দেন৷
এ ঘটনায় বেশ কিছু সংবাদপত্রে ছবিসহ খবর প্রকাশিত হয়৷ গাছ চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বন বিভাগ৷ গত বুধবার বন বিভাগের বোরহানউদ্দিন রেঞ্জের বিট কর্মকর্তা মশিউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে৷ সঙ্গে ছিলেন স্থানীয় সাংবাদিক, গ্রামের শত শত মানুষ ও উপকারভোগীরা৷ তদন্ত দলের সদস্যরা সারা দিন তিন কিলোমিটারের গাছ পরিদর্শন করে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে৷ এর মধ্যে ১৭৫টি গাছের গোড়া মিললেও গাছ পাওয়া যায়নি৷ এ ছাড়া গাছ লাগানোর অনেক স্থান ছিল ফাঁকা৷ বোঝাই যায়, অনেক আগেই সেখানকার গাছ গোড়াসুদ্ধ লুট করা হয়েছে৷
তদন্ত কমিটির প্রধান বিট কর্মকর্তা মশিউর রহমান সাংবাদিকদের বলেন, চোরেরা সম্প্রতি ১৩টি গাছ কেটেছে৷ এ ছাড়া গত এক বছরের বিভিন্ন সময়ে আরও ১৬২টি গাছ কেটেছে৷ প্রাথমিক তদন্তে গাছ চুরির সঙ্গে সমিতির একাংশের সভাপতি দািব করা আলমগীর হোসেন ও বনরক্ষী আবদুল বারেক জড়িত৷ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
তবে সামাজিক বনায়নের বেশ কয়েকজন উপকারভোগী অভিযোগ করেন, বন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীরা আলমগীর হোসেনের সঙ্গে আঁতাত করে আরও বেিশসংখ্যক গাছ চুরি করেছেন৷ তদন্তে এখন কম গাছের কথা উল্লেখ করেছে৷
এ ব্যাপারে আলমগীর হোসেন দাবি করে বলেন, ‘আমি কোনো গাছ চুরি করিনি৷ ৬ জুন বনরক্ষী আবদুল বারেকের নেতৃত্বে গাছ কাটা হচ্ছিল৷ ওই সময় আমি শুধু ঘটনাস্থলে ছিলাম৷’
আবদুল বারেক বলেন, ‘রেঞ্জারের কাছ থেকে অনুমতি নিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছগুলো কেটেছিলাম৷ আমি কোনো গাছ চুরি করিনি৷’
তবে রেঞ্জার অজিত চন্দ্র দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে মৌখিক অনুমতি নিয়েছিল সত্য৷ তবে আবদুল বারেক দুই-তিনটি গাছ কাটার কথা বলেছিল৷ তিনি যে ১৩টি গাছ কাটবেন তা কে জানত৷’