বোরো চাষ না করেই ভাগ্যবান তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার এই মৌসুমে উপজেলার শম্ভুপুর গ্রামের দায়েন খাঁ নিজেকে দারুণ ভাগ্যবান মনে করছেন। কারণ অন্যান্য বছর তিনি তাঁর পাঁচ বিঘা জমিতে বোরোর আবাদ করলেও এবার করেননি। এবার এলাকারই আরেক কৃষককে বাৎসরিক ছয় হাজার টাকায় তিনি ওই জমি ভাড়া (লিজ) দিয়েছেন। এতে তিনি কোনো ঝুট-ঝামেলা ছাড়াই জমি থেকে পেয়েছেন ৩০ হাজার টাকা।
অথচ যে কৃষক দায়েন খাঁর জমি ভাড়া নিয়ে বোরোর আবাদ করেছেন, তাঁর এখন মাথায় হাত। কারণ ধান ঘরে তোলা পর্যন্ত ওই কৃষকের খরচ হয়েছে প্রতি বিঘায় প্রায় ১৪ হাজার টাকা। জমির ভাড়াসহ মোট খরচ বিঘাপ্রতি প্রায় ২০ হাজার টাকা। সব মিলিয়ে পাঁচ বিঘায় খরচ প্রায় এক লাখ টাকা। অথচ জমি থেকে পাওয়া বিঘাপ্রতি ২০ মণ হিসেবে মোট ১০০ মণ ধানের বাজারদর ৬০ থেকে ৬৫ হাজার টাকা। অর্থাৎ লোকসান ৩৫ থেকে ৪০ হাজার টাকা। তাই এবার বোরোর আবাদ না করে দায়েন খাঁ নিজেকে ভাগ্যবান মনে করছেন।
দায়েন খাঁ বলেন, ‘ধান চাষে কয়েক বছর ধইর্যা লস খায়া আসতেছি। তাই এবার চাষ না কইর্যা বাৎসরিক লিজ দিছি। ধানের ফলন আর দাম দেইখ্যা এখন বুঝত্যাছি লিজ দিয়্যা কত ভালা কাম করছি।’ তিনি জানান, তাঁর মতো যাঁরা এবার বোরোর আবাদ করেননি, তাঁরা সবাই নিজেদের ভাগ্যবান মনে করছেন। আর চোখেমুখে অন্ধকার দেখছেন আবাদে অংশ নেওয়া কৃষকেরা।
কৃষকদের ভাষ্য, বোরোর আবাদ করে এবার কৃষকেরা যে পরিমাণ লোকসান দিচ্ছেন, এমনটি আগে আর কখনো হয়নি। আর এই অবস্থা সৃষ্টির পেছনে দুটি বিষয়কে তাঁরা উল্লেখ করছেন। এর একটি হলো এবারের শিলাবৃষ্টিতে বেশ কিছু জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় ফলন কিছুটা কম হয়েছে। আর প্রধান কারণটি হলো বাজারে ধানের দরপতন। কৃষকেরা জানান, বাজারে গড়ে ৬০০ থেকে ৬৫০ টাকা মণ দরে ধান বিক্রি হচ্ছে। যদি বাম্পার ফলনও হতো, তবু এমন দরে কৃষকদের উৎপাদন খরচ ওঠার সুযোগ নেই। কৃষকদের হিসাবমতে, এবার প্রতি মণ ধানের উৎপাদন খরচ হয়েছে ৭০০ থেকে ৭৫০ টাকা।
গত রোববার বেড়া উপজেলার হুরাসাগর নদের তীরবর্তী পায়না গ্রামে গিয়ে দেখা যায়, মাঠের বেশির ভাগ জমির ধান পেকে গেছে। আর কৃষকেরা তা কেটে ঘরে তুলছেন। এ সময় মাঠে ১০ থেকে ১২ জন চাষির সঙ্গে কথা বলে কারও মুখেই হাসি দেখা যায়নি। সবাই ব্যাপক লোকসান হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন।
গ্রামের কৃষক সাকের শেখ মনমরা হয়ে তাঁর খেতে শ্রমিকদের ধান কাটা দেখছিলেন। হিসাব দিয়ে তিনি জানান, লাভের আশায় ৫৬ হাজার টাকায় তিনি এই মাঠে আট বিঘা জমি ভাড়া নিয়ে ধানের আবাদ করেছিলেন। এর মধ্যে চার বিঘা জমির ধান শিলার আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চার বিঘা থেকে মোট ৩২ মণের মতো ধান পেয়েছেন। বাকি চার বিঘা থেকে ২০ মণ করে প্রায় ৮০ মণ ধান পেয়েছেন। এতে আট বিঘায় তিনি ১১২ মণের মতো ধান পেয়েছেন। বর্তমান বাজার অনুযায়ী এই ধানের দাম ৭০ হাজার টাকার কাছাকাছি। অথচ বিঘাপ্রতি ১২ হাজার (পরিবারের লোকজন শ্রম দেওয়ায় খরচ কিছুটা কম) টাকা চাষের খরচ ও জমির ভাড়া মিলিয়ে আট বিঘায় তাঁর মোট খরচ হয়েছে দেড় লাখ টাকারও বেশি। এর ফলে তাঁর প্রায় ৮০ হাজার টাকা লোকসান হবে বলে তিনি জানান।
সাকের শেখ বলেন, ‘জীবনে আর ধান চাষের নাম মুখে নেব না। যারা এবার ধানের আবাদ করেনাই, তারা হাসিমুখে ঘুরত্যাছে। আর আমাগরে কপাল চাপড়ায়া বেড়ান লাগত্যাছে।’
বেড়া কৃষি ক্লাবের সভাপতি এম আর এম ফিরোজ বলেন, ‘কয়েক বছর ধরেই কৃষকেরা ধানের উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন। আর এবার তো কৃষকদের মাথায় বাড়ি। এ অবস্থার কারণে আগামী বছর ধানের আবাদ আরও কমে যাবে।’
কৃষক ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর ৫ হাজার ৮৩৫ হেক্টরে বোরো আবাদ হয়েছে। এবার হয়েছে পাঁচ হাজার ৪৮৫ হেক্টরে।