বোরো নিয়ে বিপাকে কৃষক, বালুমহাল বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক–সংকটে সুনামগঞ্জের হাওরে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ঝুঁকিপূর্ণ ফসল রক্ষা বাঁধ ও পাহাড়ি ঢলের হুমকিতে রয়েছে হাওরের বোরো ধান। গত বৃহস্পতিবার রাতেও শিলাবৃষ্টিতে বিভিন্ন হাওরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এই অবস্থায় সুনামগঞ্জের সবচেয়ে বড় বালুমহাল চলতি নদীতে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে সুরমা নদী ও চলতি নদীতে জেলা প্রশাসন এবং ওই বালুমহালের ইজারাদারের পক্ষ থেকে মাইকিং করা হয়। ১৫ দিন নদীতে বালু উত্তোলন বন্ধ থাকবে জানিয়ে সব শ্রমিককে হাওরে ধান কাটায় যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
সুনামগঞ্জ জেলায় এবার ২ লাখ ২১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফসলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ লাখ ৮৪ হাজার মেট্রিক টন।
কৃষকেরা জানান, সুনামগঞ্জের হাওরের ধান কাটায় একসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকেরা আসতেন। কয়েক বছর ধরে এটা একেবারে কমে গেছে। এ কারণে শ্রমিকসংকট দেখা দিয়েছে। পাশাপাশি এবার অসময়ে অতিবৃষ্টি হওয়ায় বিভিন্ন হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কৃষকেরা সপ্তাহ খানেক আগে থেকেই আধা পাকা ধান কাটতে শুরু করেছেন।
সুনামগঞ্জের দেখার হাওরপারের ইছাঘড়ি গ্রামের গৃহস্থ আরব আলী জানান, হাওরে তাঁর সাত একর জমিতে বোরো ধান পেকে আছে। কিন্তু শ্রমিক না পাওয়ায় সেই ধান কাটতে পারছেন না। শ্রমিকসংকটের কথা জানিয়ে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষক আবদুল করিম বলেন, আগে কাটা ধানের একটা অংশ শ্রমিকদের দেওয়া হতো। এবার সেই অংশের পরিমাণ বাড়িয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। কিছু শ্রমিক নগদ টাকায় ধান কাটছেন। তাঁদের দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। তারপরও শ্রমিক মিলছে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল ইসলাম বলেছেন, হাওরে এবার বোরো ধানের ফলন খুবই ভালো হয়েছে। কিছু ফসল জলাবদ্ধতায়, বাঁধ ভেঙে ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর পরিমাণ খুব বেশি নয়। কৃষকেরা এখন পুরোপুরি ধান কাটায় ব্যস্ত। তবে শ্রমিকসংকটের কারণে ধান কাটায় গতি কম।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, জমির পাকা ধান কাটতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। তবে শ্রমিকসংকটের কারণে কৃষকদের সমস্যা হচ্ছে। বিষয়টি চিন্তা করেই বালুমহাল বন্ধ ঘোষণা করা হয়েছে। বালু উত্তোলন ও পরিবহনে প্রচুর শ্রমিক কাজ করেন, তাঁরা যদি এ সময় হাওরের ধান কাটায় যুক্ত হন, তাহলে কৃষক-শ্রমিক দুই পক্ষেরই লাভ হবে।