রংপুরের বদরগঞ্জ খাদ্যগুদামে এবার বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, সরকারি নিয়ম মেনে গুদামে ধান বিক্রি করাটা কৃষকেরা ঝামেলা মনে করেন। তা ছাড়া, সরকার-নির্ধারিত মূল্য ও বাজারে দাম প্রায় একই হওয়ায় ধান নিয়ে কেউ গুদামে আসছেন না। এ কারণে এবার ধান সংগ্রহ অভিযান সফল নাও হতে পারে। গত দুই মাস ২৩ দিনে গুদামে মাত্র নয় মেট্রিক টন ৮০০ কেজি ধান কেনা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা কৃষি কার্যালয় ও খাদ্যগুদাম সূত্র জানায়, গত বোরো মৌসুমে উপজেলার সাড়ে ১৭ হাজার হেক্টর জমিতে প্রায় এক লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। স্থানীয় সরকারি খাদ্যগুদামে প্রতি কেজি ২০ টাকা দরে ৫৬৮ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু বর্তমানে স্থানীয় বাজারে প্রতি মণ (২৮ কেজি) ধান ৫৪০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক অভিযোগ করেন, খাদ্যগুদামে ধান বিক্রি করতে গেলে হয়রানি হতে হয়। বাজারে ভালো দাম পাওয়ায় কেউ অহেতুক ওই হয়রানির শিকার ও দুর্ভোগ পোহাতে চান না। তাই সরকারি খাদ্যগুদামে কৃষকেরা ধান বিক্রি করতে যাচ্ছেন না।