বোরোর আবাদ কমছে বেড়ায়
পাবনার বেড়া উপজেলায় বোরোর আবাদ ব্যাপক হারে কমছে। এর পরিবর্তে কৃষকেরা গম, তিল, পেঁয়াজ, ঘাসসহ অন্য ফসলে আগ্রহী হয়ে উঠছেন। বোরো চাষে প্রতিবছরই লোকসান হওয়ায় কৃষকেরা বোরো চাষ থেকে এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চার বছরে উপজেলায় এক হাজার হেক্টরেরও বেশি জমিতে বোরোর আবাদ কমেছে। ২০১২ সালে বেড়া উপজেলায় ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল। প্রতিবছর কমতে কমতে এবার আবাদ হয়েছে ৫ হাজার ৪৮৫ হেক্টর জমিতে। এরই মধ্যে ২০১৩ সালে ৬ হাজার ৭০ হেক্টরে ও ২০১৪ সালে ৫ হাজার ৮৩৫ হেক্টরে বোরোর আবাদ হয়। কয়েক বছরের মধ্যে বোরো আবাদে এবারই সবচেয়ে বেশি লোকসান হওয়ায় কৃষকদের ধারণা আগামী বছর বোরোর আবাদ রেকর্ড পরিমাণ কমে যাবে।
বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বোরো আবাদের পরিবর্তে অন্য ফসলে লাভ বেশি বলে মনে করছেন কোনো কোনো কৃষক। তাই বোরোর আবাদ কমে অন্য ফসলের আবাদ বাড়ছে।
২০-২২ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বোরো চাষ তাঁদের কাছে এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাত-আট বছর ধরে কৃষকেরা প্রত্যেক বছরেই বোরো চাষে লোকসান দিচ্ছেন। বিশেষ করে এবার কৃষকদের লোকসান হয়েছে সবচেয়ে বেশি। এভাবে বছর বছর লোকসান গুনতে থাকায় কৃষকেরা বোরোর বদলে গম, তিল, পেঁয়াজ, ঘাসসহ অন্যান্য ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এতে কৃষকেরা লোকসানের বদলে লাভ পাচ্ছেন। বোরোর বদলে অন্য ফসলে লাভ হতে দেখে বর্তমান বোরোচাষিরা সিদ্ধান্ত নিচ্ছেন ফসল পরিবর্তনের।
বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লার পাশে হুড়াসাগর নদের পারে রয়েছে প্রায় এক হাজার বিঘার একটি ফসলের মাঠ। সেখানে গিয়ে দেখা যায়, মাঠটির অর্ধেকেরও বেশি জমিতে হয়েছে ঘাসের আবাদ। আর বাকি জমিতে বোরোর আবাদ হয়েছিল। এলাকার কৃষকেরা জানান, একসময় এই মাঠের পুরোটা জুড়ে শুধু বোরোর আবাদ হতো। অথচ বোরোর আবাদ কমে গিয়ে সেখানে ঘাস, তিল প্রভৃতির আবাদ বাড়ছে।
শম্ভুপুর মহল্লার কৃষক আবদুল বাতেন বলেন, ‘এই মাঠে ১৮ বিঘা জমিতে বোরোর আবাদ কইর্যা একেক বিঘায় চার-পাঁচ হাজার টাকা কইর্যা লস দিছি। অথচ এই মাঠেই যারা ঘাস লাগাইছে তারা একেক বিঘায় সাত-আট হাজার টাকা কইর্যা লাভ করিছে। ধান চাষ এবারই শেষ, সামনের বারের থ্যা আমিও ঘাস চাষ বা অন্য কোনো ফসলের আবাদ শুরু করব।’
পৌর এলাকার ‘পায়না চক’ নামে পরিচিত আরেকটি ফসলের মাঠে আগে পুরোটা জুড়েই বোরোর আবাদ হতো। তিন-চার বছর ধরে এই মাঠে বোরোর আবাদ আর হচ্ছে না বললেই চলে। এর বদলে এই মাঠের জমিতে আবাদ হচ্ছে গম, তিল ও ঘাস।
বেড়া কৃষি ক্লাবের সভাপতি এম আর এম ফিরোজ বলেন, ‘বোরোর আবাদে প্রতিবছরই আমাদের মার খেতে হচ্ছে। আর এতেই বাধ্য হয়ে বোরোর বদলে চলে যেতে হচ্ছে অন্য ফসলে। যেভাবে বোরোর বদলে অন্য ফসল চাষের হিড়িক শুরু হয়েছে তাতে কয়েক বছরের মধ্যে এ উপজেলায় বোরোর আবাদ অর্ধেকে নেমে আসবে।’
এদিকে বোরোর আবাদ কমতে থাকায় মুখ থুবড়ে পড়েছে পাবনা সেচ প্রকল্প। ৩৮৪ কোটি টাকা ব্যয়ে পাবনা সেচ প্রকল্প চালু হয় ১৯৯২ সালে। সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্যমাত্রা থাকলেও শুরুতে সেচ প্রদান করা হয় পাঁচ হাজার হেক্টর জমিতে। বর্তমানে এই সেচ প্রকল্প থেকে সেচ প্রদান করা হচ্ছে বেড়া ও সাঁথিয়া উপজেলার মাত্র এক হাজার হেক্টর জমিতে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়া শাখার নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, ‘সেচ প্রকল্পের আওতাভুক্ত এলাকায় কৃষকেরা বোরোর বদলে অন্য ফসলে আগ্রহী হয়ে উঠছেন। তাই অনেক কৃষক সেচের পানি না নেওয়ায় সেচের আওতাভুক্ত এলাকা এভাবে কমেছে।’