বোর্ড নয়, বিদ্যালয়ভিত্তিক পরীক্ষা চালু করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিক্ষাব্যবস্থায় যে অরাজকতা চলছে, তা দেশের সামগ্রিক অরাজকতারই বহিঃপ্রকাশ। বোর্ডের পরীক্ষায় হাজার হাজার শিক্ষার্থীকে জিপিএ-৫ দেওয়া হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে বোর্ডভিত্তিক পরীক্ষা বাদ দিয়ে বিদ্যালয়ভিত্তিক পরীক্ষা চালু করা উচিত। অর্থাৎ বিদ্যালয়ের পরীক্ষার ফলাফলই হবে চূড়ান্ত।
দেশের শিক্ষার পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এ মতামত দেন আলোচকেরা। ‘বাংলাদেশের শিক্ষার বর্তমান হালচাল’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক—সুজন। শিক্ষক-শিক্ষার্থী, সাবেক বিচারপতি ও শিক্ষাসচিব আলোচনায় অংশ নেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য আবদুল মতিন পাটওয়ারী বলেন, যুক্তরাষ্ট্রের অনুকরণে পরীক্ষায় বর্তমান গ্রেড পদ্ধতি চালু করা হয়েছে। কিন্তু গ্রেডিংয়ের নম্বর বিভাজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অনুকরণ করা হয়নি। এ বিষয়টি নিয়ে ভেবে দেখা দরকার। একই সঙ্গে কোচিং-বাণিজ্য বন্ধ করার আহ্বান জানান তিনি।
সাবেক বিচারপতি কাজী এবাদুল হক বলেন, বর্তমানে দেশে শিক্ষাব্যবস্থায় যে অরাজকতা চলছে, তা দেশের সামগ্রিক অরাজকতার বহিঃপ্রকাশ। শিক্ষক যদি নিবেদিতপ্রাণ না হন, তবে এসব চলতেই থাকবে। সাবেক এই বিচারপতি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, দলাদলির রাস্তা করেছে।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বিচারপতি এবাদুল বলেন, চার ভাগে পরিচালিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের লক্ষ্যে তাঁকে দিয়ে সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিল। সাক্ষ্য ও কাগজপত্র দেখে ২০১২ সালের ফেব্রুয়ারিতে মতামত দিয়েছিলেন। তখন শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়। কিন্তু আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রীর ভাই ওই বিশ্ববিদ্যালয়ের চার ভাগের এক অংশের উপাচার্য। তিনি জীবনেও বিশ্ববিদ্যালয়ে পড়াননি। তাঁর চাকরি সুরক্ষার জন্যই মনে হয় বিষয়টি পড়ে আছে।
উল্লেখ্য, বিচারপতি এবাদুলের কমিশন অনিয়মে ভরা দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তদন্ত করে বিশ্ববিদ্যালয়টির সনদ বাতিলের সুপারিশ করেছিল। কিন্তু মন্ত্রণালয় ব্যবস্থা নেয়নি।
শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, ব্যক্তিগতভাবে তিনিও মনে করেন, পরীক্ষাগুলো বিদ্যালয়ভিত্তিক হওয়া উচিত। পরীক্ষায় যদি পুলিশ লাগে, তাহলে বুঝতে হবে কিছু সমস্যা আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বলেন, এই সরকারের আমলে নিম্ন ও মধ্যবিত্ত ঘরের সন্তান—যারা প্রকৃত বাংলাদেশ, তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে প্রশ্নপত্র ফাঁস করে, শিক্ষকদের হুমকি দিয়ে বেশি নম্বর দেওয়ার কথা বলে ও অবাধ ডিজিটাল পদ্ধতির নকল প্রয়োগ করে।
গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, দুটি মারাত্মক অভিযোগ উঠেছে সমাজে। সেটা হলো, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের যে ফল ঘোষণা করা হচ্ছে প্রতিবছর, সেটা বাস্তবসম্মত না কৃত্রিম ফলাফল? এই সন্দেহের অবসান হওয়া দরকার।
শিক্ষাবার্তার সম্পাদক এ এন রাশেদা বিদ্যালয়ভিত্তিক পরীক্ষা চালুর পরামর্শ দেন। এ ছাড়া যে এলাকার শিক্ষার্থী সেই এলাকার বিদ্যালয়ে পড়ানোর ব্যবস্থা চালুরও পরামর্শ দেন। আরও কয়েকজন আলোচক বিদ্যালয়ভিত্তিক পরীক্ষা চালু করার পরামর্শ দেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় আরও বক্তর্য দেন রাজনীতিক এস এম আকরাম, চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব, বর্তমান সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।