বোর্ডসেরা ২০ প্রতিষ্ঠানের আটটি বরিশাল জেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসির ফলাফলে সেরাদের সেরাসহ আটটি শিক্ষাপ্রতিষ্ঠানই বরিশাল জেলার। ভালো ফলের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা পটুয়াখালী জেলার দখলে রয়েছে পাঁচটি, তৃতীয় ঝালকাঠি জেলায় তিনটি, চতুর্থ পিরোজপুরে দুটি এবং ভোলা ও বরগুনার জেলার একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে৷ এর মধ্যে এবারও শীর্ষ স্থান ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে৷
দ্বিতীয় হয়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে একজন বাদে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন। বরিশাল জিলা স্কুল তৃতীয় হয়েছে। এই বিদ্যালয়ের ৩৪১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২৬ জন।
পরের অবস্থানে রয়েছে যথাক্রমে পটুয়াখালীর সৃজনী বিদ্যানিকেতন, ঝালকাঠি সরকারি বালক উচ্চবিদ্যালয়, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বরগুনার তসলিম মেমোরিয়াল একাডেমি, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়।
বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মুহাম্মদ আলমগীর বলেন, পাঁচটি মানদণ্ড যথাক্রমে প্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা, জিপিএর গড় এবং প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর ওপর প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।