বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভুলের কারণে ২০০ শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় ‘ফেল’ করেছে বলে অভিযোগ উঠেছে। হিন্দুধর্ম বিষয়ে ওই শিক্ষার্থীদের ‘ফেল’ দেখানোয় এমন ফল-বিপর্যয় হয়েছে।
উত্তরপত্র মূল্যায়নে ত্রুটি থাকার কথা স্বীকার করেছে বোর্ড কর্তৃপক্ষ। এদিকে পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার খবর পেয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা পর্যন্ত করেছে।
বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সর্বজিৎ ঘোষ বাংলা, গণিত, ইংরেজিসহ সব বিষয়ে পাস করেছে। শুধু ধর্মে ফেল করায় মনের দুঃখে ভবনের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। সর্বজিতের বাবা শেখর ঘোষ বলেন, ‘ধর্ম পরীক্ষায় খারাপ হবে এটা আমরা ভাবতেও পারিনি। ধর্মে খাতা দেখা বা প্রশ্নে কোনো সমস্যা না হলে এই অবস্থা হতো না। এর জন্য শিক্ষা বোর্ডই দায়ী।’
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রভাতি শাখার প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী হৃদিতা মণ্ডল। টেস্ট পরীক্ষায় দিবা ও প্রভাতি দুই শাখায় মিলে প্রথম হয়েছে সে। এসএসসি পরীক্ষার ফলাফলে সে সব বিষয়ে জিপিএ-৫ পেলেও ধর্মে ফেল করায় ঘোষিত ফলাফলে তাকে অনুত্তীর্ণ দেখানো হয়েছে। এমন ফলাফলে পুরো পরিবার মানসিক বিপর্যয়ে পড়েছে।
হৃদিতা মণ্ডল বলে, ‘এটা কেমন ফলাফল হলো? আমরা তো ভুল করিনি। তাহলে বোর্ডের ভুলের খেসারত আমরা কেন দেব?’
হৃদিতার মা রত্না হালদার প্রথম আলোকে বলেন, ‘যে মেয়ে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম হয়, সেই মেয়ে ফেল করেছে, এটা কেউ বিশ্বাস করবে? শিক্ষা বোর্ডকে জানিয়েছি। তারা সমাধানের আশ্বাস দিয়েছে। কিন্তু সবাই তো জেনে গেল, মেয়ে ফেল করেছে। সেটা ফিরে পাব কীভাবে?’
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, ‘আমার বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ফেল করেছে, তারা সবাই গোল্ডেন জিপিএ পাওয়ার কথা। তা ছাড়া ধর্ম বাদে অন্য কোনো বিষয় হলে মেনে নেওয়া যেত।’
কাল সোমবারের মধ্যে নতুন করে ওই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, বরিশাল শিক্ষা বোর্ডে নয় হাজার শিক্ষার্থী হিন্দুধর্ম বিষয়ে পরীক্ষা দিয়েছে। তার মধ্যে প্রায় ২০০ শিক্ষার্থীর নৈর্ব্যক্তিক প্রশ্ন ‘খ’ সেট পড়েছে। সেখানে সমস্যা হয়েছে। এখানে প্রধান পরীক্ষক যে উত্তর করে দিয়েছেন, সেটায় সমস্যা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের কারণে সমস্যা হয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।