বোয়ালখালীতে আজ প্রথম পৌর নির্বাচন
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার প্রথম নির্বাচন আজ বুধবার৷
মেয়র পদে দুই প্রধান রাজনৈতিক দলের একাধিক নেতা প্রার্থী হয়েছেন৷ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছয়জন।
পৌর আওয়ামী লীগের একাংশের সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল করিম, পৌর যুবলীগের সহসভাপতি মোরশেদুল আলম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া উপজেলা বিএনপির একাংশের সহসভাপতি আবু কালাম এবং উপজেলা বিএনপির অপর কমিটির আহ্বায়ক শওকত আলম মেয়র পদপ্রার্থী হয়েছেন। অপর মেয়র পদপ্রার্থী হলেন কাজী আয়েশা ফারজানা।
তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন এবং নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
নির্বাচনে ১৮টি কেন্দ্রে মোট ভোটার ৪৬ হাজার ২২০ জন।
প্রতিটি কেন্দ্রে ১০ জন করে নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবেন। কয়েকটি কেন্দ্রে ১২ জন করে পুলিশ দেওয়া হয়েছে বলে জানান সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকা সুলতানা।
সাদিকা সুলতানা বলেন, ‘আমরা যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা নিয়েছি।’