বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৫
চট্টগ্রামের বোয়ালখালীতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন শিশুসহ পাঁচজন। গতকাল বুধবার দুপুরে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন বেলুন বিক্রেতা ছিলেন। তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়। আহত ব্যক্তিরা হলেন মো. নাইমুদ্দিন, মো আনোয়ার ও মো. সেন্টু, মো. সামিউর (১০), মো. সাকিবুল ইসলাম (৯)। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম জানান, পশ্চিম গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের মাঠের পাশে গতকাল বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলের একটু দূরে বিজয় মেলার আয়োজন করা হচ্ছিল। মেলায় বিক্রির জন্য বেলুনে গ্যাস ভরছিলেন জাকির হোসেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা জাকির হোসেন মারা যান। বিস্ফোরণের সময় আশপাশে থাকা আরও পাঁচজন আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদউদ্দিন মাহমুদ জানান, সিলিন্ডার বিস্ফোরণে আহত পাঁচজনের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।
শিশু সাকিবুলের বাবা মো. নুরুল ইসলাম জানান, মেলা দেখতে সাকিবুল বাড়ি থেকে বের হয়েছিল। পরে বিস্ফোরণে ছেলে আহত হওয়ার খবর পান তিনি।