বোয়ালখালীতে তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী পোশাকশ্রমিকের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালীতে তিন ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রানা চৌধুরী (১৮), রবিউল হোসেন (১৮) ও সিএনজিচালিত অটোরিকশার চালক শ্যামল চন্দ্র দে (২০)।
সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার বলেন, গত মঙ্গলবার রাত আটটার দিকে এক নারী পোশাকশ্রমিক তাঁর স্বামীকে খোঁজার জন্য চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় যান। সে সময় তিন বখাটে ওই নারীকে সাহায্যের নামে সিএনজিচালিত অটোরিকশায় করে বোয়ালখালীর নির্জন পাহাড়ি এলাকা আমুচিয়া গুচ্ছগ্রামে নিয়ে যান। এরপর বখাটেরা ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করলে তাঁর (নারী) চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় লোকজন ওই তিন তরুণকে আটক করে রাতেই বোয়ালখালী থানায় সোপর্দ করেন। গতকাল সন্ধ্যায় পুলিশ ওই তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তিনজনের প্রত্যেককে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।