বোয়ালখালীতে বাল্যবিবাহের দায়ে কনের বাবা ও বরের কারাদণ্ড
চট্টগ্রামের বোয়ালখালীতে বাল্যবিবাহের ঘটনায় কনের বাবা ও বরকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার মধ্যম শাকপুরা এলাকার দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর (১৭) সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী ফজলুল কাদেরের (২৩) বিয়ে হয়। বিয়ে পড়ান স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ। ১৬ অক্টোবর এ বিয়ে হলে প্রশাসন গতকাল বিষয়টি জানতে পারে।
ইউএনও কাজী মাহবুবুল আলম বলেন, বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবাকে এক মাস ও বরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিয়ে পড়ানোর জন্য মাদ্রাসার অধ্যক্ষকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ফেনীতে বাল্যবিবাহ বন্ধ: ফেনী অফিস জানায়, ফেনীর সোনাগাজী উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ইউএনও।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল আলম বলেন, গতকাল ওই ছাত্রীর বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে ইউএনও মোহাম্মদ মিনহাজুর রহমান ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। এরপর তিনি বিয়ে বন্ধ করে দেন। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের লেখাপড়া চালিয়ে যাবেন—এ মর্মে ওই ছাত্রীর বাবা লিখিত অঙ্গীকার করেছেন।