বোয়ালখালীতে সিপিবির পথসভায় পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন এবং দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে সিপিবির পথসভায় বাধা দিয়েছে পুলিশ। বাধার কারণে ছয়টি স্থানে পথসভা করতে পারেননি দলের নেতা-কর্মীরা।

গতকাল শনিবার বিকেলে উপজেলা সদরের সামনে প্রথম পথসভা করেন সিপিবির নেতা-কর্মীরা। এতে সভাপতিত্ব করেন দলের উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক কানাই লাল দাশ। সদরের পথসভা শেষে একটি ট্রাকে করে নেতা-কর্মীরা অন্য আরেকটি পথসভায় অংশ নিতে যান। পথে উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ এলাকায় নেতা-কর্মীদের বহন করা ট্রাকটি আটকায় পুলিশ। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের ব্যানার কেড়ে নেয়।

সিপিবির বোয়ালখালী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেহাব উদ্দিন অভিযোগ করেন, সদরে পথসভা হলেও ফুলতল, শাকপুরা, ডেঙ্গুরা, গাছের দিঘীর পাড়, কানুনগো পাড়া ও জোতপুকুর পাড়ে পুলিশের বাধার কারণে পথসভা করা যায়নি।

বোয়ালখালী থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, অনুমতি না নিয়ে তারা পথসভা করছিল।